পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৫২ হাজার ৪৯১ জন বাংলাদেশি হাজি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৪ হাজার ২৮৯ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৪৮ হাজার ২০২ জন।
শুক্রবার (১২ জুন) বাংলাদেশ সময় রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত হজ বুলেটিনের তথ্য অনুযায়ী এ সংখ্যা পাওয়া গেছে।
হজ বুলেটিনে জানানো হয়, দেশে ফেরা হাজিদের মধ্যে ২১ হাজার ৯২০ জনকে পরিবহন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এছাড়া ১৮ হাজার ৮৮০ জন ফিরেছেন সৌদি এয়ারলাইন্স-এর মাধ্যমে এবং ৮ হাজার ৩৮০ জন ফিরেছেন ফ্লাইনাস-এর ফ্লাইটে। অন্যান্য এয়ারলাইন্সে ফিরেছেন আরও ৩ হাজার ৩১১ জন।
এ পর্যন্ত মোট ১২৩টি ফিরতি ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করেছে ৫৫টি, সৌদি এয়ারলাইন্স ৪৭টি এবং ফ্লাইনাস ২১টি ফ্লাইট পরিচালনা করেছে।
হজ উপলক্ষে সৌদি আরবে অবস্থানকালে ৬২ হাজার ২৪৩ জন বাংলাদেশি হাজি চিকিৎসাসেবা গ্রহণ করেছেন বলে বুলেটিনে উল্লেখ করা হয়েছে।
এদিকে চলতি হজ মৌসুমে সৌদি আরবে গিয়ে এখন পর্যন্ত ৪৯ জন বাংলাদেশি হাজির মৃত্যু হয়েছে।
উল্লেখ্য, বাংলাদেশি হজযাত্রীদের সৌদি আরবগামী প্রথম ফ্লাইট ছিল গত ১৮ এপ্রিল এবং শেষ ফ্লাইট পরিচালিত হয় ২১ মে। অন্যদিকে ফিরতি হজ ফ্লাইট শুরু হয়েছে ৩০ মে থেকে, যা চলবে আগামী ৩০ জুন পর্যন্ত।