মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার দত্তগ্রাম সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে মুজিবুর রহমান নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।
শুক্রবার (১২ জুন) বিকেলে উপজেলার শরীফপুর ইউনিয়নের দত্তগ্রাম সীমান্তের নিশ্চিন্তপুর এলাকায় এ ঘটনা ঘটে।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং বিষয়টি তদন্ত করা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মুজিবুর রহমান মনু নদীতে নামার পর অসাবধানতাবশত সীমান্তের ভারতীয় অংশে চলে যান। এ সময় বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে স্থানীয়রা জানিয়েছেন।
শরীফপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিপা রানী দাস বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, নদীতে নামার পর মুজিবুর সীমান্ত অতিক্রম করলে বিএসএফ তাকে গুলি করে। রাত পর্যন্ত তার মরদেহ ঘটনাস্থলেই পড়ে ছিল।
অন্যদিকে, শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ বলেন, সীমান্তে গুলির ঘটনার তথ্য পাওয়া গেছে। বিষয়টি নিয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের কাজ চলছে।
ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় উদ্বেগ ও উত্তেজনা বিরাজ করছে। নিহতের মরদেহ উদ্ধারের পাশাপাশি ঘটনার প্রকৃত কারণ জানতে বিজিবি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।