বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শাখা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মাইদুল ইসলাম বাপ্পি-র বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতন, যৌতুক দাবি এবং স্ত্রীর উপার্জনের অর্থ আত্মসাতের অভিযোগ তুলেছেন তার স্ত্রী উম্মে জেবিন।
সোমবার (১৫ জুন) কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়ে অভিযুক্ত নেতার বহিষ্কার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।
অভিযোগপত্রে উম্মে জেবিন দাবি করেন, গত ২৬ মার্চ তাদের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তার ওপর নিয়মিত শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়েছে। তিনি আরও অভিযোগ করেন, তার স্বামী কোনো কর্মসংস্থান না করে তার উপার্জিত অর্থের ওপর নির্ভর করতেন এবং বিভিন্ন সময় জোরপূর্বক টাকা নিয়ে নেশার পেছনে ব্যয় করতেন।
অভিযোগে আরও বলা হয়, অভিযুক্তের পরিবার তাকে মেনে নেওয়ার শর্ত হিসেবে ভুক্তভোগীর পরিবারের কাছে মোটা অঙ্কের যৌতুক দাবি করত। যৌতুক দিতে অস্বীকৃতি জানালে নির্যাতনের মাত্রা বেড়ে যেত বলেও অভিযোগ করেছেন তিনি।
উম্মে জেবিন জানান, এর আগে গত ৮ জুন তিনি ছাত্রদলের এক নেতার কাছেও অভিযোগ দিয়েছিলেন। তবে কোনো কার্যকর পদক্ষেপ না পাওয়ায় পরে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে আবেদন করেন।
তবে অভিযোগ অস্বীকার করেছেন মাইদুল ইসলাম বাপ্পি। তিনি বলেন, “এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। এটি আমাদের পারিবারিক ও ব্যক্তিগত বিষয়।”
এ বিষয়ে ইয়ামিন ইসলাম বলেন, বিষয়টি স্বামী-স্ত্রীর ব্যক্তিগত সম্পর্কের সঙ্গে সংশ্লিষ্ট। তবে কেউ যদি দলের নাম ব্যবহার করে কোনো অনিয়ম করে থাকেন, তাহলে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।
অন্যদিকে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, অভিযোগের বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষ হওয়ার আগে কোনো মন্তব্য করা সমীচীন হবে না। অভিযোগ প্রমাণিত হলে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলার তথ্য জানা যায়নি। অভিযোগের সত্যতা যাচাইয়ে সংশ্লিষ্ট পক্ষগুলো তদন্তের অপেক্ষায় রয়েছে।