আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। তবে ঘরোয়া লিগে নিয়মিত খেলেন তিনি। কিছুদিন আগে ইনজুরিতে পড়ায় আছেন মাঠের বাইরে। এর মধ্যেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি।
সবশেষ এনসিএল টি-টোয়েন্টিতে দুই ম্যাচ খেলার পর ইনজুরিতে পড়েন মাহমুদউল্লাহ। যে কারণে এরপর আর কোনো ম্যাচ খেলতে পারেননি। তবে চোট কাটিয়ে ফেরার পথে ছিলেন তিনি। নিয়মিত রিহ্যাভ সেশন করছিলেন। এরই মধ্যে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন জাতীয় দলের সাবেক এই অলরাউন্ডার।
গত চারদিন ধরে অসুস্থ মাহমুদউল্লাহ। শুরুতে জ্বরে ভুগছিলেন তিনি। এরপর পরীক্ষা-নিরীক্ষা শেষে জানা যায় ডেঙ্গু আক্রান্ত হয়েছেন তিনি। পরে হাসপাতালে ভর্তি হন।
পারিবারিক সূত্রে জানা গেছে, তার অবস্থার কিছুটা উন্নতি হয়েছে এবং সুস্থতা অব্যাহত থাকলে আগামী কয়েক দিনের মধ্যে তিনি বাসায় ফিরতে পারবেন। তার স্ত্রী জান্নাতুল কাউসার মিষ্টি সামাজিক যোগাযোগ মাধ্যমে সবার কাছে তার দ্রুত সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।