গাইবান্ধার গোবিন্দগঞ্জে পারিবারিক কলহের জেরে ছোট ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে বড় ভাই নিহত হয়েছেন। বুধবার (১৭ জুন) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার পৌর এলাকার মাগুরা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শাকিব শাহরিয়ার (২২) মাগুরা এলাকার এরশাদুল হক লিটনের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, মোটরসাইকেল চালানোসহ বিভিন্ন পারিবারিক বিষয় নিয়ে একই পরিবারের দুই ভাই শাকিব ও রাকিবের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) স্বপন কুমার সরকার জানান, রাত সাড়ে ৩টার দিকে দুই ভাইয়ের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে ছোট ভাই রাকিব ধারালো অস্ত্র দিয়ে শাকিবকে আঘাত করেন।
গুরুতর আহত অবস্থায় পরিবারের সদস্যরা শাকিবকে প্রথমে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে বগুড়ায় পাঠানো হয়।
পরে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল-এ নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, ঘটনার পর থেকে অভিযুক্ত রাকিব পলাতক রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে।