রংপুর মহানগরীতে অভিযান চালিয়ে কথিত প্রশ্নপত্র ফাঁস চক্রের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ নথিপত্র, স্ট্যাম্প, স্বাক্ষরিত চেক, জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত সনদ ও স্মার্টফোন উদ্ধার করা হয়েছে।
শনিবার (২০ জুন) দুপুরে রংপুর মেট্রোপালিটন পুলিশের ডিবি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, গত রাত ১টা ৩০ মিনিটে নগরীর ধাপ জেল রোড এলাকায় আরজি ডায়াগনস্টিক সেন্টার সংলগ্ন একটি ভবনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- তাওরাত আকরাম (২৭), বাধন মিয়া (৩৭), সাহেব আলী (২৬), আতিকুর রহমান (৩৪), আশরাফুল ইসলাম (৩৬) এবং হাফিজ আল মামুন (২০)।
ডিবি জানায়, অভিযানের সময় তাদের কাছ থেকে ১৫টি স্ট্যাম্প, ৮টি স্বাক্ষরিত চেক, ৩টি জাতীয় পরিচয়পত্র, ৪টি মূল শিক্ষাগত সনদপত্র এবং ৫টি স্মার্টফোন উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। তদন্ত শেষে এ ঘটনায় আরও তথ্য প্রকাশ করা হবে।