বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচের আগে বড় ধাক্কা খেল বেলজিয়াম। শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে ইরানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামতে পারছেন না বেলজিয়ামের অন্যতম ভরসা জেরেমি ডোকু।
লস অ্যাঞ্জেলেসের সোফাই স্টেডিয়াম-এ অনুষ্ঠিতব্য ম্যাচের আগে বেলজিয়াম শিবির থেকেই বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গত দুই সপ্তাহ ধরে শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছেন ডোকু। এ কারণে চিকিৎসকদের পরামর্শে তাকে বিশ্রামে রাখা হয়েছে।
বেলজিয়ামের কোচ রুডি গার্সিয়া ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বলেন, “সে খেলতে পারছে না, তাই তাকে ছাড়াই আমাদের মাঠে নামতে হবে। শুক্রবার সন্ধ্যায় আমরা নিশ্চিত হয়েছি যে সে এই ম্যাচে খেলবে না।”
খেলোয়াড়দের ফিটনেস নিয়ে কোনো ধরনের ঝুঁকি নিতে চান না বলেও জানান বেলজিয়ান কোচ। তিনি বলেন, শতভাগ মেডিকেল ক্লিয়ারেন্স ছাড়া কোনো ফুটবলারকে মাঠে নামানোর পক্ষপাতী নন তিনি।
বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মিশরের বিপক্ষে শুরুর একাদশে ছিলেন ডোকু। সে ম্যাচে ৮৬ মিনিট খেলেছিলেন তিনি। তবে ম্যাচের পর শারীরিক সমস্যাটি আবারও বেড়ে যায় বলে জানিয়েছে দলীয় মেডিকেল টিম।
এদিকে মাঠের বাইরেও আলোচনায় রয়েছেন এই উইঙ্গার। আগামী মাসের শুরুতেই তার প্রথম সন্তানের জন্ম হওয়ার কথা। সম্প্রতি ডোকু জানিয়েছেন, প্রয়োজন হলে সন্তানের জন্মের সময় স্ত্রীর পাশে থাকতে বিশ্বকাপ মিশন মাঝপথে ছেড়ে দিতেও প্রস্তুত তিনি।
অন্যদিকে, ইরানের বিপক্ষে ম্যাচে রোমেলু লুকাকু-কে শুরুর একাদশে দেখা যাওয়ার সম্ভাবনাও কম। হ্যামস্ট্রিং চোট কাটিয়ে ফিরলেও তাকে পুরোপুরি ঝুঁকিমুক্ত করতে ধীরে ধীরে দলে ফেরানোর পরিকল্পনা করছে বেলজিয়াম টিম ম্যানেজমেন্ট।
ডোকুর অনুপস্থিতি বেলজিয়ামের আক্রমণভাগে বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে কোচ রুডি গার্সিয়া আত্মবিশ্বাসী, তার দল ইরানের বিপক্ষে ইতিবাচক ফল নিয়েই মাঠ ছাড়বে।