কুমিল্লার চৌদ্দগ্রামে এক মাদ্রাসা ছাত্রীকে নিয়ে শিক্ষক উধাও হওয়ার অভিযোগে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় শিক্ষার্থীর মা বাদী হয়ে অভিযুক্ত শিক্ষকসহ চারজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার শ্রীপুর ইউনিয়নের খেঁয়াইশ গ্রামের ১৫ বছর বয়সী এক শিক্ষার্থী (ছদ্মনাম আকাশী) গোপালনগর মহিলা আলিম মাদ্রাসা-এর নবম শ্রেণির ছাত্রী। একই প্রতিষ্ঠানের নূরানী বিভাগের শিক্ষক আলমগীর হোসেন দীর্ঘদিন ধরে ওই শিক্ষার্থীকে উত্ত্যক্ত ও প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।
পরিবারের দাবি, বিষয়টি মেয়েটি তার মাকে জানালে তিনি মাদ্রাসা কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেন। এরপর গত বৃহস্পতিবার সকালে মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে শিক্ষার্থীর আর কোনো খোঁজ পাওয়া যায়নি।
স্বজনদের অভিযোগ, মাদ্রাসার সামনে থেকে শিক্ষক আলমগীর হোসেন জোরপূর্বক সিএনজি অটোরিকশাযোগে শিক্ষার্থীকে নিয়ে যান। এরপর থেকে শিক্ষক ও শিক্ষার্থী দুজনেরই অবস্থান অজানা রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এর আগেও একবার ওই শিক্ষার্থীকে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছিল আলমগীর হোসেনের বিরুদ্ধে। সে সময় পরিবারের সদস্যরা কৌশলে মেয়েটিকে ফিরিয়ে আনেন।
এদিকে ঘটনার পর শিক্ষার্থীর এক পরিচিত নারীর কাছে শিক্ষক আলমগীর হোসেনের পাঠানো একটি ভিডিও বার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে তাকে শিক্ষার্থীর পরিবারের সঙ্গে যোগাযোগের আহ্বান জানাতে দেখা যায়।
অভিযুক্ত শিক্ষকের বক্তব্য জানার জন্য তার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।
মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহ আলম বলেন, বিষয়টি তিনি শুনেছেন। তবে এর আগে এ ধরনের কোনো ঘটনার বিষয়ে তার জানা ছিল না।
চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোছাইন জানান, অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।