‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষের পাশে রাশেদ খাঁনকে রাখার দাবি এমপি হানজালার
সবশেষ আপডেট :
রবিবার, ২১ জুন, ২০২৬
৫
জন সংবাদটি দেখেছেন
সামাজিক যোগাযোগমাধ্যমে চলমান বাকযুদ্ধে এবার বিএনপি নেতা রাশেদ খাঁনকে চিড়িয়াখানার ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের মহিষের পাশে রাখার দাবি জানিয়েছেন সংসদ সদস্য পীরজাদা সাইদ উদ্দিন আহমদ হানজালা।
রোববার (২১ জুন) দুপুর ১টা ৪০ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
পোস্টে হানজালা লেখেন, “রাশেদ খাঁন আমাকে চিড়িয়াখানায় দেখতে নিতে চায়। আমি তো যাবই, তবে থাকবো বাঘের সঙ্গে। বাঘ অন্তত নিজের পরিচয় নিয়ে বিভ্রান্ত না।”
তিনি আরও লেখেন, “রাশেদ খাঁনকে রেখে আসবো ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের এক মহিষের পাশে। দেখি দুজন মিলে কতক্ষণ গল্প করতে পারে। চিড়িয়াখানা কর্তৃপক্ষের কাছে শুধু একটা অনুরোধ, মহিষটা যেন পরে নাম পরিবর্তনের আবেদন না করে।”
এর আগে শনিবার (২০ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে বিএনপি নেতা রাশেদ খাঁন লিখেছিলেন, “এমপি হানজালাকে চিড়িয়াখানায় রাখা হোক, যাতে সবাই টিকিট কেটে এই অদ্ভুত প্রাণীটাকে দেখতে পারে।”
সেই পোস্টে তিনি হানজালার আচরণের সমালোচনা করে দাবি করেন, একজন বিএনপি নেতার সঙ্গে তার আচরণ ছিল অশোভন। তিনি আরও প্রশ্ন তোলেন, কীভাবে এমন আচরণের একজন ব্যক্তি সংসদ সদস্য হলেন।
রাশেদ খাঁন তার পোস্টে হানজালার পূর্বের কিছু বক্তব্যেরও সমালোচনা করেন এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মন্তব্য করেন।
উল্লেখ্য, শনিবার দুপুর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে একটি সালিশ বৈঠকের সময় এমপি হানজালাকে উত্তেজিত অবস্থায় উপস্থিত ব্যক্তিদের উদ্দেশে উচ্চস্বরে কথা বলতে দেখা যায়।
ভিডিওতে তাকে বলতে শোনা যায়, “কথা বললেন কেন? আপনারা এখানে কাউন্টার দিলেন কেন?” একপর্যায়ে টেবিলে আঘাত করে তিনি বলেন, “ওই মিয়া চুপ করেন, একেবারে খেয়ে ফেলবো। চুপ করেন। আমি আসছি বিচার করার জন্য। কাউন্টার দিলে আমি দিবো।”
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। এরপরই হানজালা ও রাশেদ খাঁনের মধ্যে ফেসবুকে পাল্টাপাল্টি মন্তব্যের এই ঘটনা সামনে আসে।