গাইবান্ধার সাঘাটা উপজেলায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের এক নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় আরও একজন শিবির কর্মী গুরুতর আহত হয়েছেন বলে দাবি করেছে সংগঠনটি।
রোববার (২১ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার বোনারপাড়া এলাকায় একটি স্কুলের ব্যবস্থাপনা কমিটির সভাপতি পদকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।
নিহত সাইফুল্লাহ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বোনারপাড়া ইউনিয়ন শাখার সভাপতি বলে জানিয়েছে সংগঠনটি। আহত সালাউদ্দিনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।
ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ এক ফেসবুক পোস্টে দাবি করেন, স্কুল কমিটির সভাপতি পদ নিয়ে বিরোধের জেরে বিএনপির লোকজন স্কুলের প্রধান শিক্ষকের ওপর হামলা চালায়। এ সময় সেখানে উপস্থিত প্রধান শিক্ষকের ছোট ভাই ও ছাত্রশিবির কর্মী সাইফুল্লাহকে লাঠি ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হলে তিনি গুরুতর আহত হন। পরে তার মৃত্যু হয়।
ফেসবুক পোস্টে তিনি ঘটনার জন্য বিএনপির নেতাকর্মীদের দায়ী করে দ্রুত জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
তিনি আরও বলেন, এ ঘটনায় আহত হয়েছেন সালাউদ্দিন নামের আরও এক শিবির কর্মী।
তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত স্থানীয় প্রশাসন, পুলিশ কিংবা বিএনপির পক্ষ থেকে ঘটনার বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। নিহতের মৃত্যুর কারণ ও ঘটনার প্রকৃত বিবরণ জানতে আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত অব্যাহত রয়েছে।
পুলিশের বক্তব্য পাওয়া গেলে প্রতিবেদনটি হালনাগাদ করা হবে।