এমপিওভুক্ত শিক্ষক বদলিতে তথ্য জমার সময় বাড়ল, নতুন সময়সীমা ২৫ জুন
সবশেষ আপডেট :
রবিবার, ২১ জুন, ২০২৬
৬
জন সংবাদটি দেখেছেন
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বদলি কার্যক্রমে অংশগ্রহণের জন্য ডাটা এন্ট্রি ও তথ্য যাচাইয়ের সময়সীমা বৃদ্ধি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।
রোববার (২১ জুন) মাউশির পরিচালক (মাধ্যমিক) মো. সাখাওয়াত হোসেন খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে (স্কুল-কলেজ) কর্মরত এমপিওভুক্ত শিক্ষক বদলি নীতিমালা-২০২৬ (সংশোধিত)’ অনুযায়ী বদলি কার্যক্রম পরিচালনার জন্য টেলিটক বাংলাদেশ লিমিটেড-এর কারিগরি সহায়তায় সফটওয়্যারভিত্তিক তথ্য সংগ্রহ কার্যক্রম চালু রয়েছে।
তবে সফটওয়্যারের কারিগরি সীমাবদ্ধতার কারণে সার্ভার হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় অনেক শিক্ষাপ্রতিষ্ঠানের তথ্য সংগ্রহ ও ডাটা এন্ট্রি কার্যক্রম ব্যাহত হয়। পরে সমস্যার সমাধান হওয়ায় যেসব প্রতিষ্ঠান নির্ধারিত সময়ের মধ্যে তথ্য জমা দিতে পারেনি, তাদের জন্য অতিরিক্ত সময় দেওয়া হয়েছে।
নতুন সময়সূচি অনুযায়ী, স্কুল ও কলেজ পর্যায়ের প্রতিষ্ঠান প্রধানরা আগামী ২৫ জুন ২০২৬ পর্যন্ত অনলাইনে তথ্য ইনপুট, যাচাই এবং চূড়ান্ত অনুমোদনের কাজ সম্পন্ন করতে পারবেন।
স্কুল পর্যায়ের সময়সূচি
প্রতিষ্ঠান প্রধানের তথ্য ইনপুট ও অনুমোদন: ২৫ জুন
উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার যাচাই: ৫ জুলাই
জেলা শিক্ষা কর্মকর্তার চূড়ান্ত অনুমোদন: ১৫ জুলাই
কলেজ পর্যায়ের সময়সূচি
প্রতিষ্ঠান প্রধানের তথ্য ইনপুট ও অনুমোদন: ২৫ জুন
আঞ্চলিক উপপরিচালক (কলেজ) পর্যায়ের যাচাই: ৫ জুলাই
আঞ্চলিক পরিচালকের চূড়ান্ত অনুমোদন: ১৫ জুলাই
সংশ্লিষ্টদের মতে, সময়সীমা বৃদ্ধির ফলে প্রযুক্তিগত জটিলতার কারণে নির্ধারিত সময়ে তথ্য জমা দিতে না পারা প্রতিষ্ঠানগুলোও বদলি কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ পাবে। এতে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বদলি প্রক্রিয়া আরও সুশৃঙ্খল, কার্যকর ও অন্তর্ভুক্তিমূলক হবে বলে আশা করা হচ্ছে।