আফগানিস্তানের তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ অভিযোগ করেছেন, পাকিস্তান হয়ে আফগানিস্তানের আকাশে যুক্তরাষ্ট্র ড্রোন ওড়াচ্ছে। তিনি এই কার্যক্রম অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছেন।
আফগান সংবাদমাধ্যম তোলো নিউজ রোববার (২ নভেম্বর) এ তথ্য জানিয়েছে।
জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, “পাকিস্তান আমাদের কাছে দাবি করেছে, আমাদের ভূখণ্ড যেন তাদের বিরুদ্ধে ব্যবহার না করা হয়। তুরস্কের ইস্তাম্বুলে শান্তি আলোচনার সময় আমরা পাকিস্তানকেও অনুরোধ জানিয়েছি, তাদের ভূখণ্ড যেন আমাদের বিরুদ্ধে ব্যবহার না করা হয়।”
তিনি আরও বলেন, “আমেরিকান ড্রোন আফগানিস্তানে ওড়ছে। পাকিস্তান হয়ে এসব ড্রোন আমাদের আকাশসীমা লঙ্ঘন করছে। এটি অবশ্যই হওয়া উচিত নয়। কিন্তু এ ক্ষেত্রে পাকিস্তানিরা কিছু করতে পারছে না। তারা এগুলো বন্ধ করতে পারছে না। এটি তাদের অক্ষমতা নির্দেশ করে।”
মুজাহিদ আরও অভিযোগ করেন, আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টির জন্য পাক সেনাবাহিনীর একটি অংশকে সহায়তা দিচ্ছে বিশ্ব মোড়লরা।
তার ভাষায়, “যারা একসময় আমাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে এবং বাগরাম ঘাঁটি নিজেদের দখলে রেখেছিল, তারাই এখন পাক সেনাবাহিনীর একটি অংশকে উস্কানি দিচ্ছে। তারা সরাসরি আফগানিস্তানের মুখোমুখি হয় না, বরং অন্যদের ব্যবহার করে হামলার অজুহাত তৈরি করে।”
তিনি বলেন, “আমরা এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে কঠোর অবস্থানে আছি। কোনো ভ্রান্ত পরিকল্পনাকে এই অঞ্চলে সফল হতে দেব না।”
এছাড়া টিটিপি (তেহরিক-ই-তালেবান পাকিস্তান) ইস্যু নিয়েও কথা বলেন জাবিহুল্লাহ মুজাহিদ। তিনি জানান, পাকিস্তান আফগানিস্তানকে টিটিপির কার্যক্রম বন্ধের জন্য চাপ দিচ্ছে, কিন্তু আফগান তালেবানের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই।
তার দাবি, “টিটিপি হচ্ছে পাকিস্তানের নিজস্ব রাজনীতির একটি প্রোডাক্ট। আমরা তাদেরকে আমাদের ভূখণ্ডে কোনো ধরনের কার্যক্রম চালাতে দিই না।”
সূত্র: তোলো নিউজ