বিশ্বকাপে ইতিহাস গড়ে টানা ছয়টি আসরে গোল করা প্রথম ফুটবলার হওয়ার স্বীকৃতি হিসেবে পর্তুগালের অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদোকে বিশেষ সংস্করণের একটি সোনালি ফুটবল বুট উপহার দিয়েছে ক্রীড়া সামগ্রী নির্মাতা প্রতিষ্ঠান নাইকি।
‘গোল্ড স্করপিয়ন’ নামে বিশেষ সংস্করণের এই বুট পরে রোববার গ্রুপ পর্বে কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামতে পারেন রোনালদো। ম্যাচের আগে অনুশীলনেও তাকে এই বুট ব্যবহার করতে দেখা গেছে।
নাইকি উন্মোচন করা Mercurial Superfly RGN সিরিজের এই বুটে রয়েছে সোনালি ও সাদা রঙের আকর্ষণীয় নকশা। এতে ব্যবহার করা হয়েছে ৩/৪ দৈর্ঘ্যের Air Zoom Unit, পায়ের স্থিতিশীলতার জন্য Flywire প্রযুক্তি এবং বল নিয়ন্ত্রণ সহজ করতে বিশেষ নরম আপার।
বিশেষ সংস্করণের এই বুটের দাম ৩০০ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৭ হাজার টাকা। গত বুধবার বিশ্ববাজারে বুটটি উন্মুক্ত করা হয়।
এর আগের ম্যাচে উজবেকিস্তানকে ৫-০ গোলে হারায় পর্তুগাল। সেই ম্যাচে জোড়া গোল করে বিশ্বকাপে টানা ছয় আসরে গোল করা প্রথম ফুটবলার হিসেবে নতুন ইতিহাস গড়েন রোনালদো। ম্যাচে পর্তুগালের হয়ে আরও গোল করেন নুনো মেন্দেস ও রাফায়েল লেয়াও। একটি গোল আসে আত্মঘাতী থেকে।
ম্যাচ শেষে রোনালদো বলেন,
“দল খুব ভালো খেলেছে। আগের চেয়ে অনেক উন্নতি করেছে। ব্যক্তিগত রেকর্ড অবশ্যই ভালো লাগে। কিন্তু আমার মূল লক্ষ্য সবসময় জাতীয় দলকে লক্ষ্য অর্জনে সাহায্য করা।”
কলম্বিয়ার বিপক্ষে ম্যাচ খেলতে ইতোমধ্যে মায়ামিতে পৌঁছে অনুশীলন করেছে পর্তুগাল দল। রাউন্ড অব ৩২ নিশ্চিত করার আগে জয় দিয়ে আত্মবিশ্বাস আরও বাড়াতে চায় রোনালদোর দল।