দিনাজপুরের বিরল সীমান্তে অভিযান চালিয়ে ৩৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে অভিযানের সময় চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
রোববার (২৮ জুন) ভোর ৪টার দিকে দিনাজপুর ব্যাটালিয়নের (৪২ বিজিবি) অধীনস্থ এনায়েতপুর বিওপির একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্র জানায়, বিরল উপজেলার সীমান্ত পিলার ৩২৩/১-এস থেকে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দীপনগর গ্রাম এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৩৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি।
উদ্ধার করা মদের বিষয়ে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি পালিয়ে যাওয়া চোরাকারবারিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রেখেছে বিজিবি।
দিনাজপুর ব্যাটালিয়নের (৪২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান বলেন, “দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান নিয়মিতভাবে চলবে। সীমান্ত এলাকায় সব ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে।”