করমুক্ত আয়ের সীমা ৬ লাখ টাকা করার প্রস্তাব প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রীর
সবশেষ আপডেট :
রবিবার, ২৮ জুন, ২০২৬
৭৯
জন সংবাদটি দেখেছেন
সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং বর্তমান অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় বার্ষিক করমুক্ত আয়ের সীমা ৩ লাখ ৭৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ৬ লাখ টাকা করার প্রস্তাব দিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক।
রোববার (২৮ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ প্রস্তাব দেন।
নুরুল হক বলেন, ‘৬ লাখ ৯৫ হাজার কোটি টাকার রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব। তবে করমুক্ত আয়ের সীমা বাড়ানো প্রয়োজন। বর্তমানে মাসে ৫০ হাজার টাকার নিচে আয় করে জীবনযাপন করা কঠিন।’
তিনি আরও বলেন, উপজেলা পর্যায়েও এখন অনেক সক্ষম করদাতা রয়েছেন। তাই কর আহরণ বাড়াতে স্থানীয় পর্যায়ে এনফোর্সমেন্ট জোরদারের ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।
নিজ মন্ত্রণালয়ের বাজেট প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী বিদেশে ১ কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য পূরণে দক্ষ জনশক্তি গড়ে তুলতে হবে। বাজেট কিছুটা কমলেও প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত বরাদ্দ দেওয়া হবে বলে প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী আশ্বাস দিয়েছেন।
প্রস্তাবিত বাজেটকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘আই হ্যাভ এ প্ল্যান’ ভিশনের প্রতিফলন উল্লেখ করে নুরুল হক বলেন, স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান ও জ্বালানি নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে বাজেট প্রণয়ন করা হয়েছে। বিশেষ করে স্বাস্থ্য খাতে বরাদ্দ বৃদ্ধি এবং উপজেলা হাসপাতালগুলোকে ১০০ শয্যায় উন্নীত করার উদ্যোগকে তিনি স্বাগত জানান।
তিনি বলেন, ‘শুধু ঘোষণা দিলেই হবে না। পর্যায়ক্রমে প্রয়োজনীয় জনবল, চিকিৎসক ও যন্ত্রপাতি নিশ্চিত করে উপজেলা হাসপাতালগুলোর উন্নয়ন দ্রুত বাস্তবায়ন করতে হবে।’