বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে অভিনেতা শিবা শানু এবং সাধারণ সম্পাদক পদে অভিনেতা জয় চৌধুরী নির্বাচিত হয়েছেন।
শুক্রবার (৩ জুলাই) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণে দিনব্যাপী উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে শনিবার (৪ জুলাই) ভোর পৌনে ৫টার দিকে প্রধান নির্বাচন কমিশনার কামাল মো. কিবরিয়া লিপু আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে ৫৭৬ জন ভোটারের মধ্যে ৪৮০ জন ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে ৪৬৩টি ভোট বৈধ এবং ১৭টি ভোট বাতিল ঘোষণা করা হয়।
ঘোষিত ফলাফলে সভাপতি পদে শিবা শানু ২৪৩ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফাইট ডিরেক্টর ও অভিনেতা আরমান পান ১৭৩ ভোট।
অন্যদিকে সাধারণ সম্পাদক পদে জয় চৌধুরী ২৩৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রুমানা ইসলাম মুক্তি পান ১৭৯ ভোট।
এবারের শিল্পী সমিতির নির্বাচনকে ঘিরে কয়েক সপ্তাহ ধরেই বিএফডিসি ছিল উৎসবমুখর। নির্বাচনে দুটি পূর্ণাঙ্গ প্যানেল অংশ নেয়। একটি ছিল আরমান–মুক্তি পরিষদ এবং অন্যটি শিবা শানু–জয় চৌধুরী পরিষদ। প্রচার-প্রচারণা, ভোটারদের সঙ্গে মতবিনিময় এবং বিভিন্ন নির্বাচনী কার্যক্রমে মুখর ছিল চলচ্চিত্রাঙ্গন।
ফলাফল ঘোষণার পর বিজয়ী প্রার্থীদের অভিনন্দন জানান শিল্পী সমিতির সদস্য ও চলচ্চিত্রসংশ্লিষ্ট ব্যক্তিরা। নতুন নেতৃত্বের কাছে শিল্পীদের কল্যাণ, চলচ্চিত্রের উন্নয়ন এবং সমিতির কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যাশা জানিয়েছেন তারা।