মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের শীর্ষ নেতৃত্ব বর্তমানে এক জায়গায় অবস্থান করলেও যুক্তরাষ্ট্র তাদের লক্ষ্য করে হামলা চালাচ্ছে না। তার ভাষ্য, এমন হামলা হলে ভবিষ্যতে আলোচনার সুযোগ নষ্ট হয়ে যাবে।
শনিবার যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “ওরা সবাই এখন এক জায়গায় রয়েছে। একটি আঘাতেই তাদের সবাইকে হত্যা করা সম্ভব। কিন্তু আমরা তা করছি না। কারণ, তা করলে আলোচনার টেবিলে বসার মতো আর কাউকে পাওয়া যাবে না।”
ট্রাম্পের দাবি, ইরান বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে আগ্রহী। তবে দেশটির প্রয়াত সর্বোচ্চ নেতা আলি খামেনির অন্ত্যেষ্টিক্রিয়ার আনুষ্ঠানিকতা শেষ না হওয়া পর্যন্ত উভয় পক্ষের মধ্যে আলোচনা সাময়িকভাবে স্থগিত রয়েছে।
তিনি আরও বলেন, এই সময়ের মধ্যে কোনো পক্ষই একে অপরের বিরুদ্ধে হামলা চালাবে না বলেও ধারণা করা হচ্ছে।
সাক্ষাৎকারে ট্রাম্প আলি খামেনির অন্ত্যেষ্টিক্রিয়ায় বিপুল মানুষের উপস্থিতির প্রসঙ্গও তোলেন। তিনি বলেন, এত মানুষের শোক প্রকাশ দেখে তিনি বিস্মিত হয়েছেন, কারণ তার ধারণা ছিল খামেনিকে দেশের মানুষ অপছন্দ করত।
তবে এ বিষয়ে মন্তব্য করতে গিয়ে ট্রাম্প বলেন, “কে জানে, ওগুলো হয়তো লোকদেখানো কান্না।”
ট্রাম্পের এসব মন্তব্যের বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।