পঞ্চগড়ের বোদা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে অসীম বিশ্বাস (৪৩) নামে এক বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (৪ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বড়শশী ইউনিয়নের অমরখানা সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক অসীম বিশ্বাস মাগুরা সদর উপজেলার রাউতরা এলাকার মৃত সুশীল বিশ্বাসের ছেলে।
বিজিবি জানায়, নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের বড়শশী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় টহল চলাকালে মেইন পিলার ৭৭৮-এর ৭ নম্বর সাব-পিলারের কাছ দিয়ে, বাংলাদেশের অভ্যন্তরে প্রায় ১৫০ গজ ভেতরের অমরখানা এলাকা দিয়ে তিনি অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন। এ সময় টহলরত বিজিবি সদস্যরা তাকে আটক করেন।
পরে আইনি প্রক্রিয়া শেষে তাকে বোদা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় পাসপোর্ট আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
বোদা থানার পরিদর্শক (তদন্ত) রেজওয়ানুল হক মণ্ডল বলেন, বিজিবি আটক ব্যক্তিকে থানায় হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা হয়েছে। রোববার তাকে আদালতে হাজির করা হবে।
নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সিরাজুল ইসলাম বলেন, সীমান্তে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা করলে তাকে আটক করা হয়। সীমান্তে অবৈধ পারাপার, মাদক ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।