গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বিরোধপূর্ণ জমি নিয়ে সালিশি বৈঠকে মারধরের ঘটনায় মো. আব্দুর রাজ্জাক মিয়া (৪৫) নামে এক জাতীয় পার্টি (জাপা) নেতার মৃত্যু হয়েছে। এ ঘটনায় দুই নারীসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ।
রোববার (৫ জুলাই) দুপুরে উপজেলার তারাপুর ইউনিয়নের চাচিয়া মীরগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুর রাজ্জাক মিয়া ওই গ্রামের মৃত খাইরুজ্জামানের ছেলে। তিনি জাতীয় পার্টির স্থানীয় ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক ছিলেন বলে দলীয় সূত্র জানিয়েছে।
আটকরা হলেন একই গ্রামের গোলজার হোসেন (৬৫), তার স্ত্রী মঞ্জুয়ারা বেগম (৪৫), ছেলে লিটন মিয়া (২৮) ও রিপন মিয়া (১৯) এবং মেয়ে রত্না আক্তার (৩০)।
স্থানীয় সূত্র জানায়, চাচিয়া মীরগঞ্জ গ্রামের মৃত আছর উদ্দিনের রেখে যাওয়া ২২ শতক জমির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে আমজাদ হোসেন ও গোলজার হোসেনের পরিবারের মধ্যে বিরোধ চলছিল। বিষয়টি নিয়ে অতীতেও একাধিকবার সালিশ হলেও স্থায়ী সমাধান হয়নি।
রোববার ওই বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে আবারও সালিশি বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম লেবু সভাপতিত্ব করেন। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের পাশাপাশি সেখানে উপস্থিত থাকার কথা ছিল উপজেলা বিএনপির আহ্বায়ক মো. বাবুল আহমেদের।
অভিযোগ রয়েছে, সালিশি বৈঠকে পৌঁছানোর পর আব্দুর রাজ্জাক মিয়ার ওপর গোলজার হোসেন ও তার পরিবারের সদস্যরা হামলা চালান। এতে গুরুতর আহত হলে তাকে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের মা রোসনা বেগম অভিযোগ করেন, সালিশে উপস্থিত লোকজনের সামনেই তার ছেলেকে মারধর করা হলেও কেউ এগিয়ে আসেননি।
সালিশি বৈঠকের আয়োজন করা বাড়ির মালিক আবুল কালাম আজাদ বলেন, বৈঠক চলাকালে হঠাৎ মারামারি শুরু হয়। পরে আহত রাজ্জাককে হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যুর খবর পাওয়া যায়।
তারাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম লেবু বলেন, জমি-সংক্রান্ত বিরোধ মীমাংসার জন্য সালিশ ডাকা হয়েছিল। তবে কার্যক্রম শুরুর আগেই সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় সালিশি বৈঠক বাতিল করা হয়।
এ বিষয়ে সুন্দরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মো. বাবুল আহমেদ বলেন, তিনি ঘটনাস্থলে পৌঁছানোর আগেই মৃত্যুর খবর পান। তাই সালিশে আর যোগ দেননি।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ বলেন, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় দুই নারীসহ পাঁচজনকে আটক করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।