ইরানের জন্য অর্ডার করা প্রথম ২০টি সুখোই-৩৫ যুদ্ধবিমানের উৎপাদন শেষ করেছে রাশিয়া। চলতি বছরের মধ্যেই এসব যুদ্ধবিমান তেহরানের কাছে হস্তান্তর করা হতে পারে বলে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিরক্ষা সূত্রের বরাতে জানিয়েছে কিয়েভ পোস্ট।
প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধবিমানগুলো রাশিয়ার কোমসোমলস্ক-অন-আমুর অ্যাভিয়েশন প্ল্যান্টে তৈরি হয়েছে। বর্তমানে সেগুলো রাশিয়াতেই রয়েছে এবং হস্তান্তরের আগে প্রয়োজনীয় প্রস্তুতি চলছে।
সুখোই-৩৫ রাশিয়ার অন্যতম আধুনিক বহুমুখী যুদ্ধবিমান। প্রায় ১ হাজার ৬০০ কিলোমিটার কমব্যাট রেডিয়াসের এই ফাইটার জেট শত্রু ভূখণ্ডের গভীরে অভিযান পরিচালনায় সক্ষম। এছাড়া অস্থায়ী বা স্বল্প দৈর্ঘ্যের রানওয়ে থেকেও উড্ডয়ন ও অবতরণ করতে পারে।
প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, পঞ্চম প্রজন্মের স্টেলথ যুদ্ধবিমান না হলেও সুখোই-৩৫ বিশ্বের অন্যতম কার্যকর ও যুদ্ধ-পরীক্ষিত ফাইটার জেট। আধুনিক আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবহারের মাধ্যমে এর যুদ্ধক্ষমতা আরও বাড়ানো সম্ভব।
প্রতিবেদন অনুযায়ী, সুখোই-৩৫ পরিচালনার জন্য ইরানি পাইলটদের প্রশিক্ষণও শুরু হয়েছে। এ লক্ষ্যে তারা রাশিয়ার তৈরি ইয়াক-১৩০ প্রশিক্ষণ বিমান ব্যবহার করছেন।
বিশ্লেষকদের ধারণা, দীর্ঘদিন ধরে এফ-১৪, এফ-৪ ও এফ-৫ যুদ্ধবিমানের ওপর নির্ভরশীল ইরানের বিমানবাহিনীতে সুখোই-৩৫ যুক্ত হলে তাদের আকাশ প্রতিরক্ষা ও দূরপাল্লার অভিযান পরিচালনার সক্ষমতায় উল্লেখযোগ্য পরিবর্তন আসবে।
এদিকে বিভিন্ন আন্তর্জাতিক সূত্রের দাবি, রাশিয়ার কাছে মোট ৪৮টি সুখোই-৩৫ যুদ্ধবিমানের অর্ডার দিয়েছে ইরান। এছাড়া ভবিষ্যতে সুখোই-৩০এসএম২ এবং পঞ্চম প্রজন্মের সুখোই-৫৭ যুদ্ধবিমান কেনার বিষয়েও তেহরানের আগ্রহ রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
তবে রাশিয়া বা ইরানের পক্ষ থেকে এসব যুদ্ধবিমান হস্তান্তরের বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।