একসঙ্গে বিয়ে ও মা হতে যাওয়ার খবর জানিয়ে ভক্ত-অনুরাগীদের চমকে দিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। তবে এই সুখবরের পেছনে রয়েছে দীর্ঘ দেড় বছরের কঠিন সংগ্রাম ও মানসিক লড়াইয়ের গল্প।
সম্প্রতি এক সাক্ষাৎকারে মৌসুমী হামিদ জানান, জীবনের সবচেয়ে কঠিন সময় পার করার পরই তিনি নতুন করে সুখ খুঁজে পেয়েছেন।
তিনি বলেন, ‘শেষ দেড়টা বছর আমার ওপর দিয়ে কী ঝড় বয়ে গেছে বলে বোঝাতে পারব না। এক প্রকার ট্রমায় চলে গিয়েছিলাম। তবে আল্লাহর ওপর ভরসা ছাড়িনি। আল্লাহ আমার দিকে নজর রেখেছেন বলেই আব্দুল ওয়াদুদ সজীবের মতো স্বামী পেয়েছি। তাঁর সন্তানের মা হতে যাচ্ছি। এক দরজা বন্ধ হলে হাজার দরজা খুলে যায়—এখন কথাটা আমার কাছে বাস্তব মনে হচ্ছে।’
বিয়ের সময় নিয়ে এখনই বিস্তারিত জানাতে চাননি এই অভিনেত্রী। তিনি জানান, আগের সংসার থেকে দীর্ঘদিন আলাদা থাকার পর নিজের জীবনের কিছু ভুল সিদ্ধান্ত উপলব্ধি করেন। সেই কঠিন সময়ে ১৫ বছরের বন্ধু আব্দুল ওয়াদুদ সজীব সবসময় তার পাশে ছিলেন। পরে তারা নতুন জীবন শুরু করার সিদ্ধান্ত নেন।
মৌসুমী বলেন, ‘বিবাহবার্ষিকী এলেই সবাই জানতে পারবেন।’
তিনি জানান, তার স্বামী শোবিজ অঙ্গনের মানুষ নন। দীর্ঘদিনের বন্ধুত্ব থেকেই তাদের সম্পর্কের শুরু। জীবনের সংকটময় সময়ে সজীব তাকে মানসিকভাবে শক্তি জুগিয়েছেন। বর্তমানে তারা শুধু জীবনসঙ্গীই নন, ব্যবসায়িক অংশীদারও।
অভিনয়ের পাশাপাশি প্রযুক্তিনির্ভর একটি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছেন মৌসুমী হামিদ। প্রায় দেড় বছর আগে যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটিতে শুরুতে আটজন কর্মী থাকলেও বর্তমানে কর্মীর সংখ্যা বেড়ে ২৫ জন হয়েছে। শিগগিরই এটি ১০০ জনে উন্নীত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করছেন আব্দুল ওয়াদুদ সজীব। আর ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন মৌসুমী হামিদ। গর্ভাবস্থাতেও নিয়মিত অফিস ও বিভিন্ন মিটিংয়ে অংশ নিচ্ছেন বলে জানান তিনি।
মাতৃত্বকালীন ছুটি নিলেও অভিনয় থেকে দীর্ঘ বিরতি নেওয়ার পরিকল্পনা নেই অভিনেত্রীর। তিনি বলেন, ‘আমি এখনো অভিনয়ের জন্য প্রস্তুত। আমার বর্তমান অবস্থার সঙ্গে মানানসই কোনো চরিত্র পেলে অবশ্যই ক্যামেরার সামনে দাঁড়াব। সন্তান হওয়ার পরও বড় কোনো বিরতি নিতে চাই না। আশা করছি, খুব শিগগিরই দর্শক আমাকে আবার পর্দায় দেখতে পাবেন।’