২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ষোলোতে বেলজিয়ামের বিপক্ষে ম্যাচের আগে যুক্তরাষ্ট্র জাতীয় ফুটবল দলের দুই গুরুত্বপূর্ণ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।
বরখাস্ত হওয়া দুই কর্মকর্তা হলেন যুক্তরাষ্ট্র দলের ম্যানেজার স্যাম জাপাটকা এবং ইউএস সকার ফেডারেশনের নিরাপত্তাবিষয়ক সহসভাপতি ফ্র্যাঙ্ক প্যানেল।
ফিফার ডিসিপ্লিনারি প্রিভিউ (শাস্তিমূলক তথ্য) তালিকায় তাদের নাম প্রকাশের পর বিষয়টি সামনে আসে। তবে সংস্থাটি আনুষ্ঠানিকভাবে বরখাস্তের নির্দিষ্ট কারণ জানায়নি।
বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে শেষ বত্রিশের ম্যাচ শেষে ফিফার ম্যাচ প্রোটোকল ভঙ্গ এবং অনুমতি ছাড়া নিষিদ্ধ এলাকায় প্রবেশের অভিযোগে তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
কিছু বিশ্লেষকের ধারণা, ওই ম্যাচে লাল কার্ড পাওয়া যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারিন বালোগুনকে ঘিরে তৈরি হওয়া পরিস্থিতির সঙ্গে এই সিদ্ধান্তের সম্পর্ক থাকতে পারে। অভিযোগ রয়েছে, বহিষ্কৃত হওয়ার পরও বালোগুন মাঠে ফিরে সতীর্থদের সঙ্গে উদযাপনে অংশ নেন, যা ফিফার নিয়মের পরিপন্থী।
তবে ইউএস সকার ফেডারেশন জানিয়েছে, দুই কর্মকর্তার সাময়িক বরখাস্তের সঙ্গে বালোগুনের নিষেধাজ্ঞা বা তাকে বেলজিয়ামের বিপক্ষে খেলানোর কোনো সম্পর্ক নেই।
ফেডারেশন এক বিবৃতিতে বরখাস্তের বিষয়টি নিশ্চিত করলেও বিস্তারিত মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়ে জানিয়েছে, বিষয়টি পুরোপুরি ফিফার এখতিয়ারভুক্ত। এদিকে ফিফাও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করেনি।
স্যাম জাপাটকা ২০১৫ সাল থেকে ইউএস সকার ফেডারেশনের সঙ্গে যুক্ত রয়েছেন এবং ২০২০ সাল থেকে জাতীয় দলের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন। অন্যদিকে, ফ্র্যাঙ্ক প্যানেল দলের নিরাপত্তা ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন। এর আগে তিনি যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস এবং সিআইএসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্থায় দায়িত্ব পালন করেছেন।