২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ষোলোতে আর্জেন্টিনার কাছে ৩-২ গোলে হারের পর রেফারিং নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছে মিশর। ম্যাচে একাধিক বিতর্কিত সিদ্ধান্তের অভিযোগ তুলে ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ের ও তার রেফারিং দলের বিরুদ্ধে ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ করেছে মিশর ফুটবল অ্যাসোসিয়েশন (ইএফএ)।
স্প্যানিশ সংবাদমাধ্যম ডিয়ারিও এএস জানিয়েছে, ইএফএর সভাপতি হানি আবু রিদা ফিফার কাছে আনুষ্ঠানিক আইনি অভিযোগ দাখিল করেছেন। অভিযোগে ম্যাচ পরিচালনায় দায়িত্ব পালন করা রেফারি ও তার সহযোগীদের সিদ্ধান্তের তদন্ত দাবি করা হয়েছে।
মিশর ফুটবল অ্যাসোসিয়েশনের অভিযোগ, ম্যাচে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তাদের বিপক্ষে গেছে, যা ম্যাচের ফলাফলে সরাসরি প্রভাব ফেলেছে। শুধু তদন্তই নয়, চলমান বিশ্বকাপের বাকি ম্যাচগুলো থেকেও রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ের ও তার সহকারীদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছে তারা।
এ ঘটনার পর বিশ্বকাপে রেফারিংয়ের মান নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। এর আগে বেলজিয়াম ফুটবল ফেডারেশনসহ ইউরোপের কয়েকটি সংস্থাও ম্যাচ পরিচালনার মান নিয়ে প্রশ্ন তুলেছিল।
ম্যাচ শেষে মিশরের প্রধান কোচ হোসাম হাসানও রেফারিং নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।
তিনি বলেন, ‘আমরা ন্যায্য আচরণ পাইনি। আমাদের একটি স্পষ্ট পেনাল্টি দেওয়া হয়নি। আরেকটি সম্ভাব্য পেনাল্টির ঘটনা ভিএআরেও দেখা হয়নি। এছাড়া আমাদের একটি বৈধ গোল রহস্যজনকভাবে বাতিল করা হয়েছে। এসব সিদ্ধান্ত ম্যাচের ফলাফলে প্রভাব ফেলেছে।’
উল্লেখ্য, ম্যাচে একসময় ২-০ গোলে এগিয়ে ছিল মিশর। তবে শেষদিকে দুর্দান্ত প্রত্যাবর্তন করে ৩-২ ব্যবধানে জয় তুলে নিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।