রাজধানীর একটি ব্যাংকের এটিএম বুথে নিরাপত্তাকর্মী হিসেবে দায়িত্ব পালন করেন আব্দুস সালাম। প্রতিদিনের মতো দায়িত্ব পালনের পাশাপাশি প্রধানমন্ত্রীর গাড়িবহর ওই পথ দিয়ে যাওয়ার সময় তিনি হাতে ধানের শীষ নিয়ে শুভেচ্ছা জানাতেন। তার এই নীরব শুভেচ্ছার বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে এলে তাকে উপহার পাঠানো হয়।
বুধবার (৮ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সেক্রেটারি আতিকুর রহমান রুমন রাজধানীর রমনা এলাকায় গিয়ে আব্দুস সালামের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তার হাতে উপহার তুলে দেওয়া হয় এবং তার শারীরিক অবস্থা ও পরিবারের খোঁজখবর নেওয়া হয়।
আব্দুস সালামের বাড়ি পাবনার নগরবাড়ি ঘাট এলাকায়। অর্থনৈতিক সংকটের কারণে গত আট মাস ধরে তিনি রাজধানীর পুরাতন রমনা থানার সামনে একটি ব্যাংকের এটিএম বুথে নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করছেন। এর আগে তিনি পেশায় গাড়িচালক ছিলেন। স্ট্রোক করার পর গাড়ি চালানো ছেড়ে দিয়ে এই পেশায় যোগ দেন। বর্তমানে তিনি প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত ১২ ঘণ্টা দায়িত্ব পালন করেন।
তিনি জানান, প্রধানমন্ত্রীর গাড়িবহর সচিবালয়ের পথে ওই এলাকা অতিক্রম করার সময় তিনি নিয়মিত ধানের শীষ হাতে দাঁড়িয়ে শুভেচ্ছা জানাতেন। একসময় বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আসে। এরপর তার খোঁজখবর নিতে এবং উপহার পৌঁছে দিতে অতিরিক্ত প্রেস সেক্রেটারিকে পাঠানো হয়।
প্রধানমন্ত্রীর উপহার পেয়ে আবেগাপ্লুত আব্দুস সালাম বলেন, তিনি কখনও ভাবেননি তার এই শুভেচ্ছা প্রধানমন্ত্রীর দৃষ্টিতে পড়বে কিংবা তিনি কোনো উপহার পাবেন।
তিনি বলেন, “আমি প্রধানমন্ত্রীকে প্রতিদিন সালাম জানাই। তিনিও গাড়ির ভেতর থেকে হাসিমুখে সালামের জবাব দেন, হাত নেড়ে শুভেচ্ছা জানান। আজ আমার জীবনের অন্যতম আনন্দের দিন।”
এ ঘটনায় স্থানীয়দের মধ্যেও ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। তাদের মতে, একজন সাধারণ কর্মজীবী মানুষের প্রতি এমন মানবিক উদ্যোগ প্রশংসার দাবিদার।