আগামী সোমবার (১৩ জুলাই) বরিশাল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সরকারপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি হবে বরিশাল বিভাগে তার প্রথম আনুষ্ঠানিক সফর।
সফরের অংশ হিসেবে সকাল সাড়ে ১০টায় বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের পুনঃখনন করা বাটাজোর-সরিকল খালের পাশে আয়োজিত একটি বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন তিনি।
গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইব্রাহীম বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে ২০০৩ সালে গৌরনদী সফর করেছিলেন তারেক রহমান। সে সময় তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্যোগে খনন করা কুতুবপুর স্বনির্ভর খালের পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেছিলেন।
সেই সফরের স্মৃতিচারণ করে তৎকালীন গৌরনদী উপজেলা যুবদলের আহ্বায়ক এবং বর্তমান উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু বলেন, ২০০৩ সালে তৎকালীন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান হিসেবে তারেক রহমান কুতুবপুর স্বনির্ভর খালের পুনঃখনন কার্যক্রম উদ্বোধনের মাধ্যমে স্থানীয় জনগণকে উদ্বুদ্ধ করেছিলেন। ২২ বছর পর প্রধানমন্ত্রী হিসেবে তার পুনরায় গৌরনদী সফর এলাকাবাসীর জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
গৌরনদী উপজেলা বিএনপির সদস্যসচিব জহির সাজ্জাদ হান্নান বলেন, দলীয়ভাবে তারা প্রধানমন্ত্রীর সফরের বিষয়টি জেনেছেন। সফর সফল করতে নেতাকর্মীরা মাঠপর্যায়ে প্রস্তুতি নিচ্ছেন।
উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব বলেন, প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের সংসদ সদস্য ও তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপনের নির্দেশনায় সফর উপলক্ষে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।