টানা তিন দিনের ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার মধ্য দিয়ে প্রবাহিত খোয়াই নদীর পানি বৃদ্ধি পেয়ে নতুন করে ভাঙন শুরু হয়েছে। এতে উপজেলার মিরাশি ইউনিয়নের নালমুখ বাজার এলাকার হরিজন পল্লী রবিদাসপাড়াসহ আশপাশের বাসিন্দাদের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে খোয়াই নদী থেকে অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের কারণে নদীর তীরে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। পরিস্থিতি মোকাবিলায় কয়েক মাস আগে জরুরি ভিত্তিতে ব্লক ফেলে প্রতিরক্ষা ব্যবস্থা নির্মাণ করে হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ড।
তবে এলাকাবাসীর অভিযোগ, হরিজন পল্লীর পাশ ও নদীর বিপরীত তীর থেকে নিয়মিত বালু উত্তোলনের কারণে ভাঙন আরও তীব্র হয়েছে। পাশাপাশি নিম্নমানের ব্লক ব্যবহার ও নির্মাণকাজে অনিয়মের কারণে ভাঙনরোধী ব্যবস্থা টেকসই হয়নি।
ইতোমধ্যে হরিজন সম্প্রদায়ের রবিদাসপাড়ার অন্তত ১৫টি পরিবার সরাসরি নদীভাঙনের ঝুঁকিতে পড়েছে। ভাঙন অব্যাহত থাকলে তারা গৃহহীন হয়ে পড়তে পারেন বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।
এ ছাড়া ভাঙনের হুমকিতে রয়েছে মিরাশি ইউনিয়ন পরিষদ কার্যালয়, সাবিয়া চৌধুরী উচ্চ বিদ্যালয়, মুছিয়ান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং আদমপুর গাছিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসাসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা।
স্থানীয় বাসিন্দা সুমন দাস বলেন, “খোয়াই নদী থেকে অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের ফলেই আজ আমরা ভাঙনের কবলে পড়েছি। পরিবার-পরিজন নিয়ে চরম আতঙ্কে দিন কাটছে।”
স্থানীয়দের দাবি, অবিলম্বে অবৈধ বালু উত্তোলন বন্ধ করে কার্যকর ও টেকসই ভাঙনরোধী ব্যবস্থা গ্রহণ করতে হবে। তাদের আশঙ্কা, বর্ষা মৌসুমে নদীর পানি আরও বাড়লে এলাকায় বড় ধরনের মানবিক বিপর্যয় দেখা দিতে পারে।