দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও এইচএসসি ও সমমানের পরীক্ষা গ্রহণের প্রতিবাদে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনের পদত্যাগ দাবি করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে আগামীকাল বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল ৩টার দিকে রাজধানীর উত্তরার বিএনএস সেন্টার এলাকায় অবস্থানরত শিক্ষার্থীরা এ কর্মসূচির ঘোষণা দেন। এ সময় তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আলটিমেটামও দেন। কর্মসূচি ঘোষণার পর শিক্ষার্থীরা সড়ক ছেড়ে যান।
এদিকে একই দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়ও বিক্ষোভ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি ক্যাম্পাস এলাকায় বিজিবিও অবস্থান নিয়েছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত নীলক্ষেত থেকে টিএসসিগামী সড়কে অবস্থান নিয়েছিলেন আন্দোলনকারীরা। অন্যদিকে পুলিশও সেখানে অবস্থান নেয়। দুই পক্ষের মুখোমুখি অবস্থানের মধ্যে একপাশে ছাত্রদলের নেতাকর্মীদেরও দেখা যায়।
এর আগে টানা বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যে এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রতিবাদে সোমবার রাজধানীর সায়েন্স ল্যাব মোড় প্রায় এক ঘণ্টা অবরোধ করেন বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। পরে তারা টিএসসি হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশের চেষ্টা করলে ভিসি চত্বরের সামনে পুলিশ তাদের সরিয়ে দেয়।
এরপর শিক্ষার্থীরা নীলক্ষেত থেকে টিএসসিগামী সড়কে অবস্থান নিয়ে আন্দোলন চালিয়ে যান।