ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে উঠতে পারলে সেটিই হবে নিজের ১৯তম জন্মদিনের সেরা উপহার বলে মন্তব্য করেছেন স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামাল। এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
সোমবার (১৩ জুলাই) সেমিফাইনাল ম্যাচকে সামনে রেখে আয়োজিত সংবাদ সম্মেলনে ইয়ামাল বলেন, ফ্রান্সকে তিনি ভয় পান না। বরং ইউরোপিয়ান চ্যাম্পিয়ন হিসেবে স্পেন আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামবে।
গত সপ্তাহে বেলজিয়ামের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে জয়ের পর ইয়ামাল বলেছিলেন, সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় স্পেনের চেয়ে ফ্রান্সেরই বেশি সতর্ক থাকার কথা। সেই মন্তব্যের ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেন, “আমাকে জিজ্ঞাসা করা হয়েছিল আমি ফ্রান্সকে ভয় পাই কি না। আমি বলেছি, না। আমরা ইউরোপিয়ান চ্যাম্পিয়ন। এটা শুধু ফুটবল, এখানে ভয় পাওয়ার কিছু নেই।”
জন্মদিন উপলক্ষে একটি রত্নখচিত নেকলেস কিনেছেন জানিয়ে ইয়ামাল বলেন, এখন পর্যন্ত বিশেষ কোনো উপহার পাননি। তবে ফ্রান্সকে হারিয়ে নিউইয়র্কে বিশ্বকাপের ফাইনালে খেলার সুযোগই হবে তার জীবনের সেরা জন্মদিনের উপহার।
এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত একটি গোল করেছেন ইয়ামাল। সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষেও গোল করে দলের জয়ে অবদান রাখতে চান তিনি।
এ প্রসঙ্গে তিনি বলেন, “আমি গোল নিয়ে বেশি ভাবি না। তবে এমন গুরুত্বপূর্ণ ম্যাচে গোল করা সবসময়ই বিশেষ অনুভূতির। আমি এই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। এটাই সেই ম্যাচ, যার জন্য সবাই অপেক্ষা করছে। দর্শকদের আমরা একটি দারুণ ম্যাচ উপহার দিতে চাই।”
সেমিফাইনালের গুরুত্ব স্বীকার করলেও কোনো বাড়তি চাপ অনুভব করছেন না বলেও জানান ইয়ামাল। তার ভাষায়, “জীবনে একটি ফুটবল ম্যাচের চেয়েও কঠিন অনেক পরিস্থিতি আছে। তাই আমি শান্ত আছি। কোনো বাড়তি চাপ অনুভব করছি না। সব সময়ের মতো মাঠে নেমে দলের জন্য নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব।”