সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

কালভার্টের মুখ ভরাট করে বাড়ি নির্মাণ, জলাবদ্ধতায় ডুবেছে হাজার একর জমি

  • সবশেষ আপডেট : বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ৩৮ জন সংবাদটি দেখেছেন

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় পানি নিষ্কাশনের একটি কালভার্টের মুখ মাটি দিয়ে ভরাট করে বাড়ি নির্মাণের অভিযোগে ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে প্রায় এক হাজার একর আবাদি জমি পানির নিচে তলিয়ে গেছে। একই সঙ্গে প্লাবিত হয়েছে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, গ্রামীণ সড়ক, বসতবাড়ি ও বাগান। জলাবদ্ধতার কারণে একটি গ্রামের শিক্ষার্থীদের স্কুলে যাওয়া-আসাও বন্ধ হয়ে গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বলদিয়া ইউনিয়নের সতিপুরি মৌজায় প্রায় ৩০ বছর আগে স্থানীয় সরকার বিভাগের ক্ষুদ্র পানি প্রকৌশল প্রকল্পের আওতায় একটি বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ করা হয়। বাঁধের ভেতরে রয়েছে প্রায় এক হাজার একর কৃষিজমি, চারটি গ্রাম, একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং একটি গুরুত্বপূর্ণ সড়ক। ওই সড়ক ব্যবহার করে দুটি গ্রামের শিক্ষার্থীরা নিয়মিত বিদ্যালয়ে যাতায়াত করে। এলাকার পানি নিষ্কাশনের জন্য বাঁধের পশ্চিম পাশে একটি কালভার্ট নির্মাণ করা হয়েছিল।

অভিযোগ রয়েছে, প্রায় ছয় মাস আগে জমির মালিক দুই ভাই সোনাউল্লাহ ও আমান উল্লাহ কালভার্টের মুখ মাটি দিয়ে ভরাট করে সেখানে দুটি বাড়ি নির্মাণ করেন। এরপর থেকেই বৃষ্টির পানি বের হতে না পেরে পুরো এলাকায় স্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে সতিপুরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ ও বিদ্যালয়ে যাওয়ার সংযোগ সড়ক পানিতে তলিয়ে গেছে।

জলাবদ্ধতার কারণে ছড়ারপাড়, উত্তর সতিপুরি, দক্ষিণ সতিপুরি ও ব্যাপারীটারী গ্রামের বাসিন্দারা চরম দুর্ভোগে পড়েছেন। অনেক বাড়িতে পানি ঢুকে পড়েছে। বসতবাড়ির বাগানের বিভিন্ন গাছপালা নষ্ট হচ্ছে এবং অনেক পরিবারের স্যানিটেশন ব্যবস্থা অচল হয়ে পড়েছে।

সতিপুরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফ উদ্দিন বলেন, “প্রায় পাঁচ মাস ধরে জলাবদ্ধতা চলছে। বিদ্যালয়ের মাঠ ও সংযোগ সড়ক পানিতে ডুবে থাকায় একটি গ্রামের শিক্ষার্থীরা নিয়মিত স্কুলে আসতে পারছে না। শিক্ষার পরিবেশও ব্যাহত হচ্ছে। দ্রুত সমস্যার সমাধান প্রয়োজন।”

স্থানীয় বাসিন্দা আবু সাইদ বলেন, “কালভার্টের মুখ বন্ধ করে বাড়ি নির্মাণ করায় চারটি গ্রামের মানুষ দুর্ভোগে পড়েছে। প্রায় তিন হাজার বিঘা জমি পানিতে তলিয়ে রয়েছে। এতে কৃষিকাজ ব্যাহত হচ্ছে এবং মানুষের চলাচলও কষ্টকর হয়ে পড়েছে।”

কৃষক ওসমান গনি জানান, জলাবদ্ধতায় তার বাগানের বিভিন্ন গাছ নষ্ট হয়ে যাচ্ছে। আমন ধানের বীজতলাও ক্ষতিগ্রস্ত হয়েছে। জমিতে পানি জমে থাকায় আমন আবাদ নিয়ে তিনি দুশ্চিন্তায় রয়েছেন।

স্থানীয় বাসিন্দা মমেনা বেগম বলেন, “বাড়ির উঠান পর্যন্ত পানি উঠে গেছে। টয়লেটও ডুবে আছে। প্রতিদিন পানি মাড়িয়ে চলাচল করতে হচ্ছে। এতে পরিবারের সদস্যরা অসুস্থ হয়ে পড়ছেন।”

অভিযোগের বিষয়ে আমান উল্লাহ বলেন, “আমাদের অন্য কোনো জায়গা না থাকায় বাধ্য হয়ে এখানে দুই ভাই বাড়ি করেছি।”

ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমৃত দেব নাথ বলেন, “জলাবদ্ধতার বিষয়টি আমাদের নজরে এসেছে। আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং বাড়ির মালিকের সঙ্গে কালভার্টের মুখ খুলে দেওয়ার বিষয়ে কথা বলেছি। তবে এখনো সমাধান হয়নি। বিষয়টি নিষ্পত্তির জন্য স্থানীয় চেয়ারম্যানকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।”

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com