বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির দায়িত্ব নেওয়ার পর এবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) গুরুত্বপূর্ণ দায়িত্বও পেলেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। তাকে আইসিসির ফ্র্যাঞ্চাইজি লিগস কমিটির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
আইসিসির এক ঘোষণায় এ তথ্য জানানো হয়েছে। বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগের দ্রুত বিস্তার, আন্তর্জাতিক ক্রিকেটের ভারসাম্য, খেলোয়াড়দের কর্মসূচি ও সুরক্ষাসহ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে কাজ করবে এই কমিটি।
তামিমের নেতৃত্বাধীন কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন বিশ্বের প্রভাবশালী ক্রিকেট বোর্ডগুলোর শীর্ষ কর্মকর্তারা। তাদের মধ্যে আছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব দেবজিত সাইকিয়া, ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) প্রধান নির্বাহী রিচার্ড গুল্ড, ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ এবং ক্রিকেট নামিবিয়ার ডা. রুডি ভন ভুরেন।
এদিকে আইসিসি বোর্ড বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নবনির্বাচিত সভাপতি তামিম ইকবালকে সংস্থাটির ফুল মেম্বার ডিরেক্টর হিসেবেও স্বীকৃতি দিয়েছে।
আইসিসির সভায় সদস্যদেশগুলোর বিভিন্ন বিষয়েও সিদ্ধান্ত হয়েছে। শ্রীলঙ্কা ক্রিকেটকে দ্রুত নির্বাচিত কমিটি গঠনের নির্দেশ দিয়ে জানানো হয়েছে, নতুন কমিটি গঠন না হওয়া পর্যন্ত দেশটি আইসিসি বোর্ডের সভায় প্রতিনিধিত্ব করতে পারবে না।
এ ছাড়া সদস্যপদের শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় ফ্রান্স ক্রিকেটকে সতর্ক অবস্থায় (অন নোটিশ) রাখা হয়েছে। অন্যদিকে স্থগিতাদেশে থাকা কানাডার সদস্যপদ পুনর্বহালের জন্য নির্দিষ্ট কিছু শর্ত পূরণের নির্দেশ দিয়েছে আইসিসি।
সভায় আর্থিক সংকটে থাকা ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটকে সহায়তার জন্য ১২ দশমিক ৮২ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় দেড়শ কোটি টাকা) অনুদান দেওয়ার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।
ফ্র্যাঞ্চাইজি লিগস কমিটির পাশাপাশি আইসিসি একটি গভর্ন্যান্স রিভিউ কমিটিও গঠন করেছে। এ কমিটিতে চেয়ারম্যান নিয়োগ না দিলেও সদস্য হিসেবে রাখা হয়েছে দেবজিত সাইকিয়া, ক্রিকেট দক্ষিণ আফ্রিকার ডা. মোহাম্মদ মুসাজি এবং আইসিসির স্বাধীন পরিচালক ডা. রস রিভাজকে।