আগামী সপ্তাহে উত্তরাঞ্চলের ৭ জেলায় স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা
সবশেষ আপডেট :
শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
৩৯
জন সংবাদটি দেখেছেন
টানা ভারী বৃষ্টি, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং পাহাড় ধসের প্রভাবে দেশের দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলের কয়েকটি জেলা ক্ষতিগ্রস্ত হওয়ার পর এবার উত্তরাঞ্চলেও স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কার কথা জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
শুক্রবার (১৭ জুলাই) প্রকাশিত কেন্দ্রটির সর্বশেষ পূর্বাভাসে বলা হয়েছে, আগামী সপ্তাহে দেশের উত্তরাঞ্চলের সাতটি জেলায় স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। তবে এ সময় সিলেট অঞ্চলের বন্যা পরিস্থিতি মোটামুটি স্থিতিশীল থাকার সম্ভাবনা রয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, আগামী তিন দিনে তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি সমতল বৃদ্ধি পেতে পারে এবং কিছু স্থানে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ার আশঙ্কা রয়েছে।
এ কারণে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলের কোথাও কোথাও স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে।
এছাড়া ব্রহ্মপুত্র-যমুনা নদীর পানি কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর ও বগুড়া জেলার কিছু স্থানে সতর্কসীমা স্পর্শ করতে পারে। ফলে এসব জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।
অন্যদিকে, আগামী ২৪ ঘণ্টায় সিলেট ও সুনামগঞ্জ জেলার সুরমা-কুশিয়ারা নদীসংলগ্ন নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
কর্তৃপক্ষ নদীসংলগ্ন নিম্নাঞ্চলের বাসিন্দাদের পরিস্থিতির ওপর নজর রাখার এবং প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে।