গাইবান্ধার সাদুল্লাপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক সমাবেশে বক্তব্যের শেষে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে আলোচনায় এসেছেন দলের উপজেলা সভাপতি শফিজল ইসলাম। পরে তিনি নিজের ভুল স্বীকার করে ‘সরি’ বলেন এবং ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগান দিয়ে মঞ্চ ত্যাগ করেন।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যায় জুলাই পদযাত্রা উপলক্ষে সাদুল্লাপুর শহীদ মিনার চত্বরে আয়োজিত সমাবেশে এ ঘটনা ঘটে।
সমাবেশে সভাপতির বক্তব্যে শফিজল ইসলাম বলেন, তিনি জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন এবং স্থানীয় মানুষের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছেন।
বক্তব্যের শেষদিকে তিনি বলেন, “জামালপুরের মানুষ আমাকে সহযোগিতা করলে আমাকে ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। এ আশা রেখে বক্তব্য শেষ করছি। জয় বাংলা।”
তার এ স্লোগানের পর মঞ্চে উপস্থিত কেন্দ্রীয় নেতাসহ নেতাকর্মীরা তার দিকে তাকান। উপস্থিতদের মধ্যে মুহূর্তের জন্য হাস্যরসের পরিবেশ সৃষ্টি হয়। পরে শফিজল ইসলাম তাৎক্ষণিকভাবে নিজের ভুল বুঝতে পেরে “সরি” বলেন এবং “ইনকিলাব জিন্দাবাদ” স্লোগান দিয়ে বক্তব্য শেষ করেন।
সমাবেশে উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, সংগঠক নাজমুল হাসান সোহাগ, কেন্দ্রীয় নেত্রী সুমাইয়া ফারজানা দিনা এবং গাইবান্ধা জেলা কমিটির আহ্বায়ক এস এম খাদেমুল ইসলাম খুদি।
ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।