যুক্তরাষ্ট্র গত মাসে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (এমওইউ) লঙ্ঘন করায় চুক্তিটি আর বাস্তবায়ন করবে না বলে ঘোষণা দিয়েছে ইরান। এ তথ্য জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
সোমবার (২০ জুলাই) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘায়ি বলেন, যুক্তরাষ্ট্র শুধু চুক্তি বাস্তবায়নে ব্যর্থই হয়নি, বরং এর শর্ত ও মূল চেতনারও লঙ্ঘন করেছে। ফলে ইরানও আর এই সমঝোতা বাস্তবায়ন করবে না।
তিনি বলেন, চুক্তিটি ইরানের স্বার্থ সুরক্ষার লক্ষ্যে পারস্পরিক অঙ্গীকারের ভিত্তিতে স্বাক্ষরিত হয়েছিল। কিন্তু যুক্তরাষ্ট্র সেই অঙ্গীকার ভঙ্গ করায় তেহরানের পক্ষে এটি বাস্তবায়ন করা আর সম্ভব নয়।
ইসমাইল বাঘায়ি বলেন, চুক্তির বর্তমান অবস্থা কী, তা যে কোনো দৃষ্টিকোণ থেকেই স্পষ্ট।
তবে ভবিষ্যতে যুক্তরাষ্ট্র নতুন করে আলোচনার প্রস্তাব দিলে ইরান কী করবে, এমন প্রশ্নের জবাবে তিনি জানান, আলোচনা পুরোপুরি বন্ধ হয়ে যায়নি।
তার ভাষায়, “যেভাবে যুদ্ধ ইরানের স্বার্থ রক্ষার একটি উপায়, ঠিক সেভাবেই আলোচনা ও কূটনীতিও সেই লক্ষ্য অর্জনের আরেকটি মাধ্যম।”
তিনি আরও জানান, চলমান উত্তেজনার মধ্যেও বিভিন্ন মধ্যস্থতাকারী তেহরানের কাছে নতুন কিছু প্রস্তাব পাঠিয়েছে। তবে এসব প্রস্তাবের বিস্তারিত প্রকাশ করেননি তিনি।
উল্লেখ্য, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার আলোচনায় কাতার ও পাকিস্তান মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে।