ভারতের রাজধানী দিল্লিতে এনইইটি (NEET) পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আয়োজিত ‘পার্লামেন্ট মার্চ’ কর্মসূচিতে পুলিশি হামলার তীব্র নিন্দা জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। একই সঙ্গে আন্দোলনরত শিক্ষার্থী-জনতার প্রতি সংহতি প্রকাশ করেছে সংগঠনটি।
মঙ্গলবার (২১ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নিন্দা ও সংহতির কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি সালমান সিদ্দিকী এবং সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম কবির স্বাক্ষর করেন।
বিজ্ঞপ্তিতে নেতৃদ্বয় বলেন, সোমবার (২০ জুলাই) দিল্লিতে এনইইটি পরীক্ষায় অনিয়ম, প্রশ্নপত্র ফাঁস এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আয়োজিত ‘পার্লামেন্ট মার্চ’ কর্মসূচিতে পুলিশ ও র্যাপিড অ্যাকশন ফোর্স (র্যাফ) আন্দোলনকারীদের ওপর লাঠিচার্জ চালায়। এতে শতাধিক আন্দোলনকারী আহত হন এবং দেশের বিভিন্ন স্থান থেকে অন্তত ৭০ জনকে আটক করা হয়।
তারা বলেন, রাষ্ট্রীয় বাহিনী দিয়ে গণতান্ত্রিক আন্দোলন দমনের এ ঘটনা মোদি সরকারের অগণতান্ত্রিক ও জনবিরোধী চরিত্রের বহিঃপ্রকাশ। ভারতে চলমান এ আন্দোলন কেবল একটি দেশের ঘটনা নয়, বরং শিক্ষা ব্যবস্থার সংকটের বিরুদ্ধে বিশ্বজুড়ে চলমান সংগ্রামেরই অংশ।
বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশসহ বিভিন্ন দেশে শিক্ষার বাণিজ্যিকীকরণ, পরীক্ষা ও নিয়োগ ব্যবস্থার অনিয়ম এবং এসব বিষয়ে সরকারের দায় এড়িয়ে যাওয়ার বিরুদ্ধে শিক্ষার্থীরা আন্দোলন করছে। সেই প্রেক্ষাপটে ভারতে চলমান আন্দোলনের প্রতি সংহতি জানানো হয়।
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বিবৃতিতে দিল্লিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা ও দমন-পীড়ন বন্ধ, আটক শিক্ষার্থীদের মুক্তি, এনইইটি পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবির প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে।