সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

পাসপোর্টের জলছাপে যুক্ত হলো আবু সাঈদ-মুগ্ধ-ওয়াসিমের ছবি

  • সবশেষ আপডেট : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ৩১ জন সংবাদটি দেখেছেন

বাংলাদেশের ই-পাসপোর্টের জলছাপে নতুন সংযোজন হিসেবে যুক্ত হয়েছে ‘জুলাই গণঅভ্যুত্থান ২০২৪’। এর অংশ হিসেবে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শহীদ আবু সাঈদ, উত্তরার শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ এবং চট্টগ্রামের শহীদ ওয়াসিম আকরামের প্রতীকী ছবি স্থান পেয়েছে। একই সঙ্গে ই-পাসপোর্টে পুনর্বহাল করা হয়েছে বহুল আলোচিত ‘ইসরায়েল ব্যতীত’ শব্দবন্ধ।

রোববার (১৯ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বহিরগমন-৪ শাখার উপসচিব মোহাম্মদ নুরুজ্জামানের স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, ই-পাসপোর্ট বুকলেটের বিদ্যমান ছবি পুনর্বিন্যাস, নকশা পরিবর্তন ও পরিবর্ধনের মাধ্যমে জলছাপগুলো নতুনভাবে সাজানো হয়েছে।

নতুন সংযোজন ‘জুলাই গণঅভ্যুত্থান ২০২৪’-এর অংশ হিসেবে জলছাপে স্থান পেয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শহীদ আবু সাঈদের দুই হাত প্রসারিত করে দাঁড়িয়ে থাকা ছবি, উত্তরার আজমপুরে পানি হাতে থাকা শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ এবং জাতীয় পতাকার জার্সি পরিহিত শহীদ ওয়াসিম আকরামের প্রতীকী ছবি।

এছাড়া নতুন ই-পাসপোর্টে সব ধর্মের প্রতীকও যুক্ত করা হয়েছে। এখন থেকে ইস্যুকৃত নতুন পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত’ শব্দবন্ধ থাকবে।

উল্লেখ্য, ২০২০ সালে আওয়ামী লীগ সরকারের সময় চালু হওয়া ই-পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত’ শব্দবন্ধ বাদ দেওয়া হয়েছিল। পরবর্তীতে বিভিন্ন মহল থেকে এটি পুনর্বহালের দাবি ওঠে। এর আগে বাংলাদেশের পাসপোর্টে উল্লেখ ছিল, এই পাসপোর্ট বিশ্বের সব দেশের জন্য বৈধ, ইসরায়েল ছাড়া।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন সরকারের উদ্যোগে ই-পাসপোর্টের নকশা পুনর্বিবেচনা করা হয়। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কয়েকটি নতুন প্রতীকী ছবি সংযোজন এবং কিছু পুরোনো জলছাপ বাদ দিয়ে সংশোধিত নকশা চূড়ান্ত করা হয়েছে।

নতুন জলছাপে জাতীয় ফুল শাপলা, রয়্যাল বেঙ্গল টাইগার, জাতীয় পাখি দোয়েল, শহীদ মিনার, জাতীয় স্মৃতিসৌধ, জাতীয় সংসদ ভবন, সুপ্রিম কোর্ট, কান্তজিউ মন্দির, শিখা অনির্বাণ, লালবাগ কেল্লা, কক্সবাজার সমুদ্রসৈকত, টাঙ্গুয়ার হাওর, ইলিশ, নীলগিরি, আহসান মঞ্জিল, কাঁঠাল, স্বর্ণমন্দির, বায়তুল মোকাররম, রাজশাহীর আমবাগান, পানাম নগর, কার্জন হল, ষাটগম্বুজ মসজিদ, পাট, চা-বাগান, সুন্দরবন, হলি রোজারি চার্চ এবং শিল্পাচার্য জয়নুল আবেদিনের ‘সংগ্রাম’ চিত্রকর্ম স্থান পেয়েছে।

অন্যদিকে বঙ্গবন্ধু সমাধিসৌধ, স্বাধীনতা স্তম্ভ, মডেল মসজিদ, বঙ্গবন্ধু সেতু, বঙ্গবন্ধু নভোথিয়েটার, বঙ্গবন্ধু স্যাটেলাইট, পদ্মা সেতু, মেট্রোরেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ও মুজিবনগর স্মৃতিসৌধসহ কয়েকটি জলছাপ বাদ দেওয়া হয়েছে।

ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর জানিয়েছে, ধাপে ধাপে নতুন নকশার পাসপোর্ট ইস্যু করা হবে। পুরোনো পাসপোর্টধারীদের জন্য তাৎক্ষণিক কোনো পরিবর্তন বা জটিলতা থাকবে না। মেয়াদ শেষে নবায়নের সময় তারা সংশোধিত সংস্করণের ই-পাসপোর্ট পাবেন।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com