নড়াইলের নড়াগাতী এলাকায় এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৩ জুলাই) রাত ১১টার দিকে উপজেলার পানিপাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (২৪ জুলাই) ভোরে তার মৃত্যু হয়।
নিহত মনি মিয়া শেখ (৪৫) জয়নগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য। তিনি চরজয়নগর গ্রামের সোনা মিয়া শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে জয়নগর বাজার থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন মনি মিয়া শেখ। রাত ১১টার দিকে পানিপাড়া গ্রামের সাবেক ইউপি সদস্য কামরুল ঠাকুরের বাড়ির কাছে পৌঁছালে আগে থেকে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে।
স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত ৩টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হত্যাকাণ্ডের পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।