রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় ব্যবহৃত প্লেটে কুকুরের উচ্ছিষ্ট খাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় এ ঘটনা ঘটে।
ভাইরাল ভিডিওতে দেখা যায়, ব্যবহৃত প্লেট ও থালাবাসন ধোয়ার স্থানের বাইরে খোলা জায়গায় রাখা ছিল। এ সময় দুটি কুকুর প্লেটে লেগে থাকা খাবারের উচ্ছিষ্ট খেতে দেখা যায়। উপস্থিত কয়েকজন শিক্ষার্থী ঘটনাটি ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন।
শিক্ষার্থীদের অভিযোগ, ক্যাফেটেরিয়ার পরিবেশ দীর্ঘদিন ধরেই অস্বাস্থ্যকর। ব্যবহৃত থালাবাসন খোলা জায়গায় ফেলে রাখায় কুকুরসহ বিভিন্ন প্রাণী সহজেই সেখানে মুখ দেয়। পরে সেগুলো যথাযথভাবে জীবাণুমুক্ত করা হয় কি না, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাকিব বলেন, “কুকুরের মুখ দেওয়া প্লেটে খাবার খাওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বড় ধরনের কোনো রোগ ছড়িয়ে পড়লে এর দায় কে নেবে?”
ক্যাফেটেরিয়ার এজেন্ট আনিসুল হক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বৃহস্পতিবার বিকেলে প্লেটগুলো বাইরে রাখা হয়েছিল। পরে শিক্ষার্থীদের উপস্থিতিতেই সব প্লেট গরম পানি দিয়ে পুনরায় পরিষ্কার করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের ডেপুটি চিফ মেডিকেল অফিসার ডা. এ এম এম শাহরিয়ার বলেন, কুকুর যদি কোনো সংক্রামক রোগে আক্রান্ত থাকে, তাহলে তার মাধ্যমে বিভিন্ন জীবাণু মানুষের শরীরে ছড়িয়ে পেটের সংক্রমণসহ নানা স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।
এ ঘটনায় ক্যাফেটেরিয়ার পরিচালক চার্লস ডারউইনের বিরুদ্ধে অব্যবস্থাপনার অভিযোগ তুলেছেন শিক্ষার্থীরা। তাদের দাবি, তিনি নিয়মিত অফিসে উপস্থিত থাকেন না এবং প্রয়োজনের সময় ফোনেও তাকে পাওয়া যায় না। এ বিষয়ে তার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান বলেন, “পরিচ্ছন্নতার বিষয়ে কোনো ধরনের আপস করা হবে না। আমি এবং উপাচার্য ক্যাফেটেরিয়া পরিদর্শন করেছি। পরিবেশ উন্নয়নে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। পরিস্থিতির উন্নতি না হলে পরিচালনায় পরিবর্তন আনা হবে।” তিনি আরও জানান, পরিচালকের অনুপস্থিতির বিষয়টিও তদন্ত করে দেখা হচ্ছে।