গাজীপুরের কালীগঞ্জে জন্মতারিখ জালিয়াতির মাধ্যমে বাল্যবিয়ের আয়োজনের অভিযোগে কনের বাবাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (২৪ জুলাই) দুপুরে উপজেলার কালীগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মুনশুরপুর গ্রামে কনের বাড়িতে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, স্থানীয় মসলিন কটন মিলস উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী চাঁদনী আক্তারের সঙ্গে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের খৈসাইর গ্রামের আফাজ উদ্দিনের ছেলে আরিফ মিয়ার বিয়ের আয়োজন করা হয়েছিল।
জন্মনিবন্ধন সনদ অনুযায়ী কনের জন্ম ১২ অক্টোবর ২০১৪ সালে। তবে বিয়ের উদ্দেশ্যে নোটারি পাবলিকের মাধ্যমে জালিয়াতি করে জন্মতারিখ পরিবর্তন করে ১০ অক্টোবর ২০০৭ দেখিয়ে ভুয়া কাগজপত্র তৈরি করা হয় বলে অভিযোগ পাওয়া যায়।
শুক্রবার দুপুরে বরপক্ষের অতিথিরা কনের বাড়িতে পৌঁছে বিয়ের আনুষ্ঠানিকতা শুরু করার প্রস্তুতি নিলে গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালান নির্বাহী ম্যাজিস্ট্রেট। তাৎক্ষণিকভাবে বাল্যবিয়ে বন্ধ করে দেওয়া হয়।
পরে অপরাধ স্বীকার করায় ‘বাল্যবিয়ে নিরোধ আইন, ২০১৭’-এর ৮ ধারায় কনের বাবা রাকিব হোসেনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
অভিযান পরিচালনাকালে বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম এবং কালীগঞ্জ থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।