অনলাইনে ছড়িয়ে পড়া এই ভিডিওটি বগুড়া- ১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী কাজী রফিকুল ইসলামের। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গেল কয়েকদিন আগে বিএনপি ধানের শীষের প্রার্থী হিসেবে আসনটিতে তার নাম ঘোষণা দেয়।
নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার ছড়িয়ে পড়া ভিডিওটিতে শোনা যায়-তিনি ধানের শীষের বিজয় মানে নৌকার বিজয় বলে মাইকে ঘোষণা দিচ্ছেন।
ভিডিওটি বেশ কয়েকটি ফেসবুক পেজ থেকে ছড়িয়ে পড়ার পর ওই আসনসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেককেই মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করতে দেখা যাচ্ছে।
শনিবার (৮নভেম্বর) সকালে বিএনপির মিডিয়া সেল থেকে মুল ভিডিওটি পোস্ট করে বলা হচ্ছে-‘বগুড়া-১ আসনে ধানের শীষের প্রার্থী কাজী রফিকুল ইসলাম-এর নামে প্রচারিত ভিডিওটি কয়েকটি ফেসবুক পেজ থেকে ইচ্ছাকৃতভাবে ছড়িয়ে দেওয়া হয়েছে যা সম্পূর্ণ অসত্য, মিথ্যা ও এডিটেড এবং বিএনপির প্রার্থীকে বিতর্কিত করতে তৈরি করা হয়েছে।
তবে ইতোমধ্যেই বিএনপির মনোনয়নপ্রাপ্ত কাজী রফিকুল ইসলামের এমন বক্তব্যের প্রতিবাদে সারিয়াকান্দিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন দলটির নেতাকর্মীরা।
শনিবার (৮নভেম্বর) বিকালে সারিয়াকান্দির সর্বস্তরের ত্যাগী কর্মীদের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল শহরের পৌর এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপির সহ-সভাপতি নাদিরুজ্জামান সাঈদ খানের সভাপতিত্বে সমাবেশ করে।
এতে বক্তব্য দেন- বগুড়া জেলা বিএনপির উপদেষ্টা ও উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নূরুল ইসলাম বাদশা, পৌর বিএনপির সহ-সভাপতি আমিরুল মোমিন পিন্টুসহ বিএনপির নেতৃবৃন্দ।