আগস্ট ও সেপ্টেম্বর মাসে দেশের স্কুল, কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা দীর্ঘ ছুটির সুযোগ পাচ্ছেন। শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত শিক্ষাপঞ্জি অনুযায়ী, আগামী দুই মাসে সাপ্তাহিক ছুটি ও সরকারি ছুটি মিলিয়ে মোট ২১ দিন বন্ধ থাকবে শিক্ষাপ্রতিষ্ঠান।
শিক্ষাপঞ্জি অনুযায়ী, আগস্ট মাসে সাপ্তাহিক ছুটি রয়েছে ৯ দিন। এ ছাড়া ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস, ১২ আগস্ট আখেরি সাহার শোম্বা এবং ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আরও তিন দিন সরকারি ছুটি থাকবে।
সব মিলিয়ে আগস্ট মাসে মোট ১২ দিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।
অন্যদিকে, সেপ্টেম্বর মাসে সাপ্তাহিক ছুটি রয়েছে ৮ দিন। এছাড়া ২৪ সেপ্টেম্বর ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে এক দিনের ছুটি থাকবে।
তবে মধু পূর্ণিমা ও শুভ মহালয়া উপলক্ষে নির্ধারিত ছুটি শনিবার পড়ায় এ জন্য আলাদা কোনো অতিরিক্ত ছুটি মিলবে না।
ফলে সেপ্টেম্বর মাসে সাপ্তাহিক ও সরকারি ছুটি মিলিয়ে মোট ৯ দিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।
সব মিলিয়ে আগস্ট ও সেপ্টেম্বর—এই দুই মাসে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে মোট ২১ দিনের ছুটি উপভোগ করবেন শিক্ষক ও শিক্ষার্থীরা।