বিদ্যুৎ লাইনের রক্ষণাবেক্ষণ, নতুন লাইনের তার সংযোজন এবং গাছের ডালপালা ছাঁটাইয়ের কাজের জন্য আজ (শনিবার) নাটোর ও গোপালগঞ্জের বিভিন্ন এলাকায় নির্ধারিত সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সংশ্লিষ্ট বিদ্যুৎ কর্তৃপক্ষ পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ জানায়, নতুন ৩৩ কেভি লাইনের তার সংযোজন ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য বড়াইগ্রাম-১ (বনপাড়া) উপকেন্দ্রের ৭ নম্বর ফিডারের আওতাধীন এলাকায় সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
এ সময় বনপাড়া ফজলিতলা, আহম্মেদপুর, খৌদ্দকাচুটিয়া, বৃ-কাচুটিয়া, কেচুয়াকোড়া, বালিয়া, ধানুড়ার আংশিক এলাকা, কলাকান্তনগর, কায়েমকোলা ও নওপাড়ায় বিদ্যুৎ থাকবে না।
কর্তৃপক্ষ জানিয়েছে, কাজের অগ্রগতির ওপর নির্ভর করে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার সময় কিছুটা কম-বেশি হতে পারে। সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করা হয়েছে।
অন্যদিকে, গোপালগঞ্জ বিদ্যুৎ সরবরাহ (ওজোপাডিকো) জানিয়েছে, বিদ্যুৎ লাইনের আশপাশের গাছের ডালপালা ছাঁটাইয়ের জন্য সকাল ৬টা থেকে সকাল সাড়ে ৯টা পর্যন্ত ১১ কেভি টাউন ফিডারের আওতাধীন কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
এ সময় ডিসি রোড, সাহাপাড়া, চৌরঙ্গী, বড় বাজার এলাকা (শনিবার সাপ্তাহিক বন্ধ), থানাপাড়া, লঞ্চঘাট, গোপালগঞ্জ সরকারি কলেজের সামনের অংশ এবং শিশুবন রোডে বিদ্যুৎ থাকবে না।
বিদ্যুৎ কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার সকাল ১০টায় এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় পরীক্ষার্থীদের কথা বিবেচনায় রেখে রক্ষণাবেক্ষণ কাজের সময়সূচি ভোরে নির্ধারণ করা হয়েছে, যাতে পরীক্ষার সময় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক থাকে।