চট্টগ্রামের পটিয়া উপজেলায় বাড়ির গাছ থেকে কলা চুরির প্রতিবাদ এবং পূর্ববিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে মোহাম্মদ তোহা (৪৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৩১ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মোনাফ হাজীর পাড়া নতুনবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ তোহা ওই এলাকার মৃত আবুল বশরের ছেলে। তিনি পটিয়া অ্যাডভোকেট ক্লার্কস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার রাতে তোহার বাড়ির গাছ থেকে কলা চুরির ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশী এজাহার মিয়ার পরিবারের সদস্যদের সঙ্গে তার বাগ্বিতণ্ডা শুরু হয়। দুই পরিবারের মধ্যে আগে থেকেই বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ ছিল। একপর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
নিহতের পরিবারের অভিযোগ, প্রতিপক্ষের লোকজন মোহাম্মদ তোহাকে এলোপাতাড়ি মারধর করে এবং লোহার রড দিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পটিয়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে পটিয়া থানা পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে আনোয়ার হোসেন (২৯) নামে একজনকে গ্রেপ্তার করে। তিনি এজাহার মিয়ার ছেলে। তবে অভিযুক্ত পরিবারের অন্য সদস্যরা ঘটনার পর এলাকা ছেড়ে পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ।
পটিয়া থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ শফিক উল্লাহ বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, কলা চুরির ঘটনাকে কেন্দ্র করে দুই প্রতিবেশীর মধ্যে সংঘর্ষে মোহাম্মদ তোহা নিহত হয়েছেন। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।
এদিকে পটিয়া আইনজীবী সমিতির পাঠাগার সম্পাদক অ্যাডভোকেট কামাল হোসেন এ হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে বলেন, মোহাম্মদ তোহা শান্ত ও ভদ্র স্বভাবের মানুষ ছিলেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।