হলিউডের কিংবদন্তি অভিনেতা ও বডিবিল্ডিং আইকন আর্নল্ড শোয়ার্জনেগার ৭৯ বছর বয়সেও সুস্বাস্থ্য ও ফিটনেস ধরে রেখেছেন। ‘টার্মিনেটর’ খ্যাত এই তারকা সম্প্রতি নিজের জন্মদিনে ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন সুস্থ থাকার কিছু অভ্যাস এবং সবাইকে নিয়মিত ব্যায়ামে উৎসাহিত করার উদ্যোগ নিয়েছেন।
অস্ট্রিয়ায় জন্ম নেওয়া শোয়ার্জনেগার মাত্র ২০ বছর বয়সে ‘মি. ইউনিভার্স’ খেতাব অর্জন করেন। পরে টানা সাফল্যে রেকর্ড সাতবার ‘মি. অলিম্পিয়া’ হয়ে বিশ্ব বডিবিল্ডিংয়ে নিজের অবস্থান পাকাপোক্ত করেন। অভিনয়ের পাশাপাশি তিনি ক্যালিফোর্নিয়ার গভর্নর হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
৩০ জুলাই ৭৯তম জন্মদিন উপলক্ষে নিজের জন্য উপহার না চেয়ে তিনি ভক্তদের বছরজুড়ে নিয়মিত ব্যায়াম করার আহ্বান জানান। এ উপলক্ষে নিজের ‘পাম্প ক্লাব’ ফিটনেস অ্যাপের মাধ্যমে একটি বিশেষ কর্মসূচি চালু করেছেন। এতে যারা পুরো বছর চারটি নির্ধারিত ওয়ার্কআউট পর্ব সফলভাবে সম্পন্ন করবেন, তারা জমা দেওয়া ১০০ ডলার ফেরত পাবেন।
অর্ধশতাব্দীরও বেশি সময়ের ফিটনেস অভিজ্ঞতার আলোকে শোয়ার্জনেগার মনে করেন, দীর্ঘদিন সুস্থ থাকতে হলে শরীরচর্চাকে দৈনন্দিন জীবনের অংশ করে তুলতে হবে।
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে নিজের ব্যায়ামের ধরনেও পরিবর্তন এনেছেন এই হলিউড তারকা। যৌবনের মতো ভারী ওজন তোলার পরিবর্তে এখন তিনি সুস্বাস্থ্য, জয়েন্টের সুরক্ষা এবং দীর্ঘায়ু নিশ্চিত করাকেই বেশি গুরুত্ব দেন।
ভারী ডাম্বেল ও বারবেলের পরিবর্তে বর্তমানে তিনি জিমের বিভিন্ন মেশিনে ব্যায়াম করেন, যাতে শরীরে অপ্রয়োজনীয় চাপ না পড়ে। প্রতিদিন সকালে প্রায় এক ঘণ্টা সাইকেল চালানোর পর হালকা ব্যায়াম করেন। এতে পেশিতে রক্ত সঞ্চালন বাড়ে এবং জয়েন্টের ওপর চাপও কম পড়ে।
শোয়ার্জনেগারের মতে, শরীরচর্চার মূল লক্ষ্য হওয়া উচিত শরীরকে সচল ও সুস্থ রাখা, অতিরিক্ত চাপ দিয়ে ক্ষয় করা নয়। সপ্তাহে ছয় দিন তিনি এই নীতিতেই নিয়মিত ব্যায়াম করে থাকেন।
তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া