মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
শিরোনাম :
কৌশলগত অংশীদারত্বে কর্মীদের কল্যাণে নতুন উদ্যোগ আকিজ রিসোর্সের তরুণদের চাকরিপ্রার্থী নয় উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চায় সরকার সমাজকল্যাণমন্ত্রী শক্তি বাড়ছে ঘূর্ণিঝড় অর্ণবের, বুধবার অন্ধ্র উপকূলে আঘাতের শঙ্কা পীরগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে যুবকের বাড়িসহ তিন বাড়িতে হামলা, গ্রেপ্তার ২ অনৈতিক সম্পর্কের অভিযোগে চট্টগ্রামে জামায়াত নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি ২৯ অক্টোবর হচ্ছে না এইচএসসির ফল, নতুন তারিখ ৩১ অক্টোবর ৩৫০ বছর আগে বিলুপ্ত ডোডো পাখি পৃথিবীতে ফিরিয়ে আনছেন বিজ্ঞানীরা! ১ নভেম্বর চার মাসের বকেয়াসহ বাড়তি বেতন, তবে পাচ্ছেন না সবাই ভুয়া বিলের মাধ্যমে রেলওয়ের ৯৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, দুদকের মামলা ১৪ জনের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ ঘিরে পীরগঞ্জে তিন হিন্দু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর

২৬ দিন ধরে নিখোঁজ ওসমানী বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা

  • সবশেষ আপডেট : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ১৩৮ জন সংবাদটি দেখেছেন

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সহকারী নিরাপত্তা কর্মকর্তা মো. আরিফুল্লাহ জেলিন প্রায় ২৬ দিন ধরে নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হলেও এখনো তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

শনিবার (১ আগস্ট) সিলেটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ছেলের সন্ধান দাবি করেন তার মা ফরিদা ইয়াসমীন। নিখোঁজ আরিফুল্লাহ জেলিনের বাড়ি ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার শীতলপুর গ্রামে। তিনি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী।

ফরিদা ইয়াসমীন জানান, গত ৮ জুলাই সিলেটের এয়ারপোর্ট থানাধীন খাদিমনগর ইউনিয়নের বিমানবন্দর আবাসিক এলাকার জি-টাইপ কোয়ার্টার থেকে নিখোঁজ হন জেলিন। এরপর সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেও তার কোনো সন্ধান মেলেনি।

তিনি অভিযোগ করেন, থানায় করা জিডির তথ্যের সঙ্গে তার জানা ঘটনার সময়সূচির অসংগতি রয়েছে। তার ভাষ্য, জেলিনের সহকর্মী ও বন্ধু পরিচয় দেওয়া ধনঞ্জয় কুণ্ডু পিয়াস নামে এক ব্যক্তি পরিবারের সদস্যরা সিলেটে পৌঁছানোর আগেই এয়ারপোর্ট থানায় জিডি করেন।

জেলিনের মা বলেন, “আমার ছেলে যেদিন নিখোঁজ হয়, সেদিন বিকেল সাড়ে ৫টা পর্যন্ত তার সঙ্গে ভিডিও কলে কথা হয়েছে। তখন সে বিমানবন্দর আবাসিক কোয়ার্টারেই ছিল। অথচ জিডিতে লেখা হয়েছে, বিকেল ৩টা ৪৫ মিনিট থেকে রাত ১১টার মধ্যে কোনো এক সময়ে সে নিখোঁজ হয়েছে। এই সময়ের অসংগতির ব্যাখ্যা আমরা পাইনি।”

তিনি আরও বলেন, “এ কারণে আমাদের সন্দেহ হচ্ছে, কেউ হয়তো প্রকৃত ঘটনা জানেন, কিন্তু তা গোপন করছেন। যিনি জিডি করেছেন, তার বক্তব্যসহ ওই সময়ে জেলিনের সঙ্গে যোগাযোগে থাকা সবার তথ্য গুরুত্বের সঙ্গে যাচাই করা প্রয়োজন।”

পরিবারের দাবি, জেলিনের ব্যক্তিগত জীবনে পরিচিত কোনো শত্রু ছিল না। তবে কর্মস্থলে সহকর্মী বা ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কোনো বিরোধ কিংবা অন্য কোনো কারণে তিনি নিখোঁজ হয়ে থাকতে পারেন বলে তাদের সন্দেহ। এ ঘটনায় নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের দাবি জানিয়েছে পরিবার।

এ বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহিদুর রহমানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক মো. হাফিজ আহমদ বলেন, “জেলিন আমাদের সহকর্মী। নিখোঁজ হওয়ার পরপরই বিষয়টি পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। পরিবার থেকে কোনো তথ্য পাওয়া গেলে সেটিও সঙ্গে সঙ্গে সংশ্লিষ্টদের জানানো হচ্ছে। আমরাও চাই, তিনি দ্রুত সুস্থভাবে ফিরে আসুন।”

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com