বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের সব রেকর্ড, পরিসংখ্যান ও মাইলফলক ক্রিকেটের ইতিহাস থেকে মুছে ফেলার আহ্বান জানিয়েছেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
শুক্রবার (৭ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভেরিফায়েড প্রোফাইলে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি জানান। পোস্টে সাকিব আল হাসানের রাজনৈতিক অবস্থান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি তার সমর্থনের কঠোর সমালোচনা করেন তিনি।
শফিকুল আলম লেখেন, দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার ব্যারি রিচার্ডস, গ্রায়েম পোলক, পিটার পোলক, মাইক প্রোক্টর ও এডি বার্লোর প্রসঙ্গ টেনে তিনি বলেন, তারা সাকিবের চেয়ে অনেক বড় মাপের খেলোয়াড় ছিলেন। বর্ণবাদী শাসনব্যবস্থার অংশ হওয়ার কারণে একসময় আন্তর্জাতিক ক্রিকেট থেকে তাদের বাদ পড়তে হয়েছিল বলেও উল্লেখ করেন তিনি।
পোস্টে সাকিবের রাজনৈতিক ভূমিকা নিয়েও তীব্র সমালোচনা করেন শফিকুল আলম। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি সাকিবের সমর্থনের প্রসঙ্গ তুলে তিনি দাবি করেন, বাংলাদেশের ক্রিকেটে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত বা দণ্ডিত ব্যক্তিদের সমর্থকদের ক্রীড়া বীর হিসেবে স্থান দেওয়া উচিত নয়।
তিনি আরও দাবি করেন, সাকিবের রাজনৈতিক অবস্থান নিয়ে কোনো অনুশোচনা দেখা যায়নি। এ প্রেক্ষাপটে বিসিবির প্রতি সাকিবের ক্রিকেটীয় রেকর্ড, পরিসংখ্যান ও মাইলফলক ইতিহাস থেকে সরিয়ে দেওয়ার আহ্বান জানান তিনি।
পোস্টের শেষাংশে ২০০৯ সালে বিডিআর সদর দপ্তরে সংঘটিত হত্যাকাণ্ডের প্রসঙ্গও টানেন শফিকুল আলম। তিনি বলেন, ওই ঘটনায় বিভিন্ন খেলায় জাতীয় পর্যায়ের কয়েকজন ক্রীড়াবিদ মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড পেয়েছিলেন। তাদের ক্ষেত্রে ক্রীড়াবিদ পরিচয় কোনো ধরনের দায়মুক্তি তৈরি করেনি।
সবশেষে সাকিব আল হাসানকে উদ্দেশ করে শফিকুল আলম বলেন, গুরুতর অপরাধে অভিযুক্ত বা দণ্ডিত ব্যক্তির প্রতি সমর্থন দেখিয়ে কেউ দায় এড়িয়ে যেতে পারেন না।
তবে শফিকুল আলমের এসব মন্তব্য ও দাবির বিষয়ে সাকিব আল হাসান কিংবা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোনো প্রতিক্রিয়ার তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।