রাষ্ট্রপতি পদে ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদকে নিয়ে কড়া মন্তব্য করেছেন কিশোরগঞ্জ-৪ আসনের বিএনপির সংসদ সদস্য ও মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. ফজলুর রহমান। তিনি বলেছেন, অলি আহমদ ‘বুড়ো বয়সে ভীমরতি রোগে ভুগছেন’।
একটি সাক্ষাৎকারে সাংবাদিকের প্রশ্নের জবাবে ফজলুর রহমান বলেন, “কিছু বেইমান থাকবে, যারা পট পরিবর্তন করবে, পক্ষ পরিবর্তন করবে। আমি এখন অলি আহমদ সাহেবকে সেই অবস্থানে দেখি। এর বেশি তাকে অপমান করে কোনো কথা বলতে চাই না। বুড়ো বয়সে ভীমরতি যাকে বলা হয়, তিনি সেই রোগে ভুগছেন।”
জামায়াত সমর্থিত ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে কর্নেল (অব.) অলি আহমদের মনোনয়ন প্রসঙ্গে তিনি বলেন, “অলি আহমদ সাহেবের মতো একজন মানুষ যদি মানসিকভাবে বিচলিত না হতেন, তাহলে বুঝেশুনে এমন নির্বাচনে প্রার্থী হতেন না, যেখানে তার জয়ের কোনো সম্ভাবনাই নেই।”
এর ব্যাখ্যায় বিএনপির এই সংসদ সদস্য বলেন, “তাদের (১১ দলীয় জোটের) সর্বোচ্চ ভোট হবে ৭৫ বা ৭৬টি। অন্যদিকে প্রতিদ্বন্দ্বী পক্ষের ভোট রয়েছে ২২৫টি। তাই ভীমরতি না ধরলে তার রাষ্ট্রপতি প্রার্থী হওয়ার কথা নয়।”
ফজলুর রহমান আরও বলেন, “তাকে (কর্নেল অলি আহমদ) এখন আর আমি মুক্তিযুদ্ধের কেউ মনে করি না।”
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির পক্ষ থেকে দুজন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন, তারা কাদের জন্য মনোনয়ন নিয়েছেন, এমন প্রশ্নের জবাবে তিনি সরাসরি কোনো নাম উল্লেখ করেননি।
তিনি বলেন, “এটা বলার সময় এখনো আসেনি। অনেকেই বলেন আমাদের প্রধানমন্ত্রী তারুণ্যের প্রতীক। কিন্তু তিনি এখন আর শুধু তারুণ্যের প্রতীক নন, তিনি অভিজ্ঞতার প্রতীক। স্থায়ী কমিটি তার ওপর দায়িত্ব দিয়েছে এবং আমি বিশ্বাস করি, তিনি নির্ভুলভাবে ও নির্ভীক হৃদয়ে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেবেন।”