রাষ্ট্রপতি নির্বাচনে দলের বিপক্ষে ভোট দিলে সংসদ সদস্য পদ বাতিলের বিধানসংক্রান্ত সংবিধানের ৭০ অনুচ্ছেদ চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়েছে। একই সঙ্গে রিটের রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত রাখার আবেদন জানানো হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদনটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনূছ আলী আকন্দ।
রিটের বিষয়টি নিশ্চিত করে ইউনূছ আলী আকন্দ বলেন, আবেদনটি এখনো এখতিয়ারসম্পন্ন কোনো বেঞ্চে উপস্থাপন করা হয়নি। তবে বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি এ এফ এম সাইফুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রিটটি উপস্থাপন করা হতে পারে।
রিটে সংবিধানের ৭০ অনুচ্ছেদ কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারির আবেদন করা হয়েছে।
এ ছাড়া সংবিধানের ৭০ অনুচ্ছেদ বহাল থাকা অবস্থায় রাষ্ট্রপতি নির্বাচন কেন অবৈধ ঘোষণা করা হবে না, সে বিষয়েও রুল চাওয়া হয়েছে বলে জানিয়েছেন রিটকারী আইনজীবী।
ইউনূছ আলী আকন্দ বলেন, আদালত প্রাথমিক শুনানি শেষে রুল জারি করলে সেই রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত রাখার আবেদনও করা হয়েছে।
রিটে আইন সচিব ও মন্ত্রিপরিষদ সচিবকে বিবাদী করা হয়েছে।
সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী, কোনো রাজনৈতিক দলের মনোনয়নে নির্বাচিত সংসদ সদস্য দল থেকে পদত্যাগ করলে অথবা সংসদে দলের বিপক্ষে ভোট দিলে তার আসন শূন্য হওয়ার বিধান রয়েছে। রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যরাই ভোট দেওয়ায় এই বিধানের বৈধতা ও প্রয়োগের প্রশ্ন তুলে রিটটি করা হয়েছে।