মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
কৌশলগত অংশীদারত্বে কর্মীদের কল্যাণে নতুন উদ্যোগ আকিজ রিসোর্সের তরুণদের চাকরিপ্রার্থী নয় উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চায় সরকার সমাজকল্যাণমন্ত্রী শক্তি বাড়ছে ঘূর্ণিঝড় অর্ণবের, বুধবার অন্ধ্র উপকূলে আঘাতের শঙ্কা পীরগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে যুবকের বাড়িসহ তিন বাড়িতে হামলা, গ্রেপ্তার ২ অনৈতিক সম্পর্কের অভিযোগে চট্টগ্রামে জামায়াত নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি ২৯ অক্টোবর হচ্ছে না এইচএসসির ফল, নতুন তারিখ ৩১ অক্টোবর ৩৫০ বছর আগে বিলুপ্ত ডোডো পাখি পৃথিবীতে ফিরিয়ে আনছেন বিজ্ঞানীরা! ১ নভেম্বর চার মাসের বকেয়াসহ বাড়তি বেতন, তবে পাচ্ছেন না সবাই ভুয়া বিলের মাধ্যমে রেলওয়ের ৯৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, দুদকের মামলা ১৪ জনের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ ঘিরে পীরগঞ্জে তিন হিন্দু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর

আগাম ফুলকপি চাষে ব্যস্ত কুড়িগ্রামের কৃষক, বীজ-সারের চড়া দামে দুশ্চিন্তা

  • সবশেষ আপডেট : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ৮৫ জন সংবাদটি দেখেছেন

কুড়িগ্রামে বৃষ্টি ও কড়া রোদের মধ্যেই আগাম ফুলকপি চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। শীতের আগেই বাজারে ফুলকপি তুলে বেশি লাভের আশায় বীজতলা তৈরি ও চারা উৎপাদনের কাজ চলছে পুরোদমে। তবে বীজের চড়া দাম, সারের সংকট এবং প্রতিকূল আবহাওয়া নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন চাষিরা।

চলতি রবি মৌসুমে কুড়িগ্রাম জেলায় প্রায় সাড়ে ৭০০ হেক্টর জমিতে আগাম ফুলকপি চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এরই মধ্যে বিভিন্ন এলাকায় বীজ বপন ও বীজতলা তৈরির কাজ শুরু করেছেন কৃষকরা।

সরেজমিনে দেখা গেছে, কখনো বৃষ্টি আবার কখনো তীব্র রোদ থেকে বীজতলা রক্ষা করতে কৃষকরা আলগা কাপড় ও পলিথিন দিয়ে ঢেকে রাখছেন। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতির ঝুঁকি থাকলেও আগাম সবজিতে ভালো দাম পাওয়ার আশায় চাষাবাদ চালিয়ে যাচ্ছেন তারা।

রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের কৃষক বাদশা মিয়া (৬৫) বলেন, বীজ, সার ও কীটনাশকের দাম বেড়ে যাওয়ায় কৃষকদের উৎপাদন খরচ অনেক বেড়েছে। ডিলারদের কাছে ন্যায্যমূল্যে সার পাওয়া যাচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি। ফলে খুচরা বাজার থেকে বেশি দামে সার ও বীজ কিনতে হচ্ছে।

একই এলাকার কৃষক আসাদুল ইসলাম বলেন, অতিবৃষ্টি কিংবা প্রচণ্ড রোদ হলে ফুলকপির বীজতলা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে। তবে আবহাওয়া অনুকূলে থাকলে আগাম ফুলকপি বাজারে তুলে ভালো দাম পাওয়া যাবে। সেই আশাতেই তারা আগাম চাষ করছেন।

স্থানীয় কৃষিশ্রমিক সিরাজুল ইসলাম জানান, ছিনাই ইউনিয়নের মীরের বাড়ি এলাকায় বিস্তীর্ণ জমিতে বছরজুড়ে বিভিন্ন ধরনের শাকসবজি চাষ হয়। এসব জমিতে কাজ করে অনেক শ্রমিকের সংসার চলে। প্রতিদিন প্রায় ২০০ থেকে ২৫০ জন শ্রমিক কৃষিকাজে যুক্ত থাকেন বলে জানান তিনি।

রাজারহাট উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা হৈমন্তী রানী বলেন, উপজেলায় প্রায় ৬০ থেকে ৬৫ হেক্টর জমিতে বিভিন্ন ধরনের শাকসবজি চাষ হচ্ছে। এর মধ্যে লাউ, শিম, পটল, ফুলকপি ও বাঁধাকপির আগাম চাষ শুরু করেছেন কৃষকরা।

তিনি জানান, স্থানীয়ভাবে উৎপাদিত এসব সবজি রাজারহাট উপজেলার পাশাপাশি জেলা শহরের চাহিদাও মেটাচ্ছে। আগাম সবজি চাষে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা দেওয়া হচ্ছে বলেও জানান এই কৃষি কর্মকর্তা।

কৃষকরা বলছেন, আবহাওয়া অনুকূলে থাকা এবং ন্যায্যমূল্যে সার-বীজ পাওয়া গেলে আগাম ফুলকপি চাষে ভালো ফলনের পাশাপাশি লাভের সম্ভাবনাও রয়েছে। তবে উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত লাভ পাওয়া যাবে কি না, তা নিয়ে শঙ্কা থেকেই যাচ্ছে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com