প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় আরও ছয়জন সদস্য যুক্ত হচ্ছেন বলে জানা গেছে। তবে নতুন ছয় সদস্যের মধ্যে এখন পর্যন্ত চারজনের নাম নিশ্চিত হওয়া গেছে। তাঁদের মধ্যে তিনজন মন্ত্রী এবং একজন প্রতিমন্ত্রী রয়েছেন।
শুক্রবার (২১ আগস্ট) রাতে বঙ্গভবনের দরবার হলে নবনির্বাচিত রাষ্ট্রপতির কাছে নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা শপথ নেবেন বলে মন্ত্রিপরিষদ সূত্রে জানা গেছে।
এখন পর্যন্ত যাঁদের নাম পাওয়া গেছে, তাঁরা হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য আবদুল মঈন খান, জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবান থেকে নির্বাচিত সংসদ সদস্য সাচিং প্রু জেরী এবং গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নতুন তিন মন্ত্রী ও একজন প্রতিমন্ত্রীকে শপথ পড়ানো হবে। এরই মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সম্ভাব্য কয়েকজন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তাঁদের শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।
এদিকে মন্ত্রিসভায় রদবদলেরও আভাস পাওয়া গেছে। বিমান, কৃষি, খাদ্য, বিদ্যুৎ ও জ্বালানি, স্থানীয় সরকার এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে পরিবর্তন আসতে পারে বলে মন্ত্রিপরিষদ সূত্র জানিয়েছে।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম জানিয়েছেন, নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথ অনুষ্ঠানের জন্য বঙ্গভবনের দরবার হল প্রস্তুত করা হয়েছে। অনুষ্ঠানের সব আয়োজন শেষ হয়েছে এবং মন্ত্রিপরিষদ বিভাগ শপথ অনুষ্ঠান পরিচালনা করবে।
মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, শপথ অনুষ্ঠানে ১ হাজার ২০০-এর বেশি অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে।