জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক উপাচার্য হাসিবুর রশীদসহ ৩০ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।
তিনবার সময় পেছানোর পর অবশেষে সোমবার (১০ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ এই সাক্ষ্যগ্রহণ শুরু হয়। সকাল সাড়ে ১১টায় বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চে এ প্রক্রিয়া শুরু হয়। অন্য দুই সদস্য ছিলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল বাছিদ এবং নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
আজ ১২তম সাক্ষী হিসেবে জবানবন্দি দিচ্ছেন রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আকিব রেজা খান, যিনি ঘটনার প্রত্যক্ষদর্শী।
প্রসিকিউশনের পক্ষে শুনানি করছেন মিজানুল ইসলাম, সঙ্গে রয়েছেন আবদুস সোবহান তরফদার, মঈনুল করিম, সহিদুল ইসলামসহ অন্যরা।
এর আগে ৪ নভেম্বর সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করা হলেও সাক্ষী হাজির না হওয়ায় তা পিছিয়ে আজ নির্ধারণ করা হয়। ২১ অক্টোবর ও ১৩ অক্টোবরও সময় বাড়ানো হয়েছিল।
গত ৬ অক্টোবর নবম দিনের সাক্ষ্যগ্রহণে পুলিশের দুই উপপরিদর্শক এসআই রফিক ও এসআই রায়হানুল রাজ দুলাল সাক্ষ্য দেন। তারা জব্দ তালিকার সাক্ষী ছিলেন। এরপর তাদের জেরা করেন পলাতক ও গ্রেপ্তার আসামিদের পক্ষে আইনজীবীরা।
এর আগে ২৯ সেপ্টেম্বর অষ্টম দিনের শুনানিতে তিনজন সাক্ষ্য দেন। ২২ সেপ্টেম্বর সপ্তম দিনে সাক্ষ্য দেন সিয়াম আহসান আয়ান, যিনি গুলিবিদ্ধ হওয়ার পর আবু সাঈদকে হাসপাতালে নেওয়ার বর্ণনা দেন।
এ মামলায় এর আগে রংপুর মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের সহকারী অধ্যাপক ডা. রাজিবুল ইসলাম এবং এনটিভির সিনিয়র করেসপন্ডেন্ট একেএম মঈনুল হকসহ একাধিক সাক্ষী সাক্ষ্য দিয়েছেন।